আবারও পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুর বেড়িবাঁধের কাছে গাড়ি মেরামতের ওয়ার্কশপে ১১ বছরের এক শিশু শ্রমিকের পায়ুপথে যন্ত্রের সাহায্যে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করেছে তার দুই সহকর্মী। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাত দশটার দিকে বেড়িবাঁধ এলাকা থেকে রাব্বি নামের একজনকে আটক করেছে।

এর আগে গত ২৪ আগস্ট ভাটারার নতুন বাজারে আক্তার ফার্নিচার কারখানার শ্রমিক আতিয়ার রহমানের (৩০) পায়ুপথে যন্ত্রের সাহায্যে বাতাস ঢুকিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন তাঁর এক সহকর্মী। গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ নামের এক শিশু শ্রমিককে হত্যা করা হয়। গত ৯ মে ঢাকার অদূরে আশুলিয়ার বাশাইদ এলাকায় একটি পোশাক কারখানায় সাহাবুদ্দিন ফরহাদ (২২) নামের এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়।

গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশের মেঘলা অটোমোবাইল ওয়ার্কশপ থেকে ঘটনার শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিশুটি ওই ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করে। হাসপাতালের জরুরি বিভাগে শিশুটি গোঙাতে গোঙাতে বলে, ‘ওয়ার্কশপের শরিফুল ও রাব্বী আমার পায়ুপথে বাতাস দেওয়ার কম্প্রেশার যন্ত্র চাইপ্যা ধরে। মুহূর্তের মধ্যে আমি পড়ে যাই।’ এ কথা বলে শিশুটি অচেতন হয়ে যায়। এ সময় তার মুখ দিলে লালা বের হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকেরা তার নাক-মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যান। শিশুটির পেট ফুলে উঠেছে।

 মেঘলা অটোমোবাইল ওয়ার্কশপের মালিক মিন্টু হাসপাতালে সাংবাদিকদের বলেন, ওয়ার্কশপের কর্মী শরিফুল ও রাব্বি দুষ্টুমির ছলে শিশুটির পায়ুপথে বাতাস দেওয়ার কম্প্রেশার যন্ত্র চেপে ধরেছিল। এ সময় তিনি ওয়ার্কশপে ছিলেন না। পরে এসে ঘটনার শিকার শিশুটিকে কাতরাতে দেখেন এবং তাকে হাসপাতালে নিয়ে আসেন।

মিন্টু আরও বলেন, শিশুটির মা-বাবা মারা গেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শ্রীঘরে। মা-বাবা মারা যাওয়ার পর তার ভাই রিপন তাকে ঢাকায় নিয়ে আসে। রিপন এতিম শিশুটিকে তাঁর ওয়ার্কশপে এনে কাজের জন্য দিয়ে যায়। শিশুটি তাঁর বাসায় খাওয়াদাওয়া করে এবং থাকে তার ভাই রিপনের সঙ্গে মোহাম্মদপুরের বসিলা এলাকায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, অস্ত্রোপচারের পর শিশুটির অবস্থা সম্পর্কে বলা যাবে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঘটনার পর অভিযুক্ত রাব্বীকে আটক করা হয়েছে। তবে শরিফুল পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।