
প্রাথমিক শিক্ষা সমাপনীর (প্রাশিস) গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁসের অভিযোগ উঠেছে। গতকাল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা হয়। এর আগের দুই দিনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ উঠেছিল।
অবশ্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেছেন।
গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন অভিভাবক প্রথম আলো কার্যালয়ে ফোন করে এবং ব্যক্তিগতভাবে এসে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, আগের রাতে ও পরীক্ষার দিন সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ওয়েবসাইটে প্রশ্নপত্র ছড়ানো হচ্ছে। অভিভাবকদের দাবি, পরীক্ষার আগে প্রশ্নপত্রের যেসব ‘নমুনা’ ছড়ানো হচ্ছে, সেগুলোই পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে মিলে যাচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরের একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, সোমবার রাতে তিনি ফেসবুক ও একটি ওয়েবসাইটে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রের ‘নমুনা’ পান। গতকাল পরীক্ষার পর মেয়ের প্রশ্নপত্র হাতে নিয়ে দেখেন, ওই ‘নমুনাগুলোই’ মূল প্রশ্নের সঙ্গে মিলে গেছে।
আরও কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, তাঁদের কেউ হাতে লেখা নমুনা প্রশ্ন এবং কেউ মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে কিছু নমুনা পেয়েছেন। পরীক্ষায় এসব প্রশ্ন এসেছে।
গত রোববার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। প্রাথমিকে প্রথম দিনে ইংরেজি ও সোমবার বাংলা বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ ওঠে। বগুড়া সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
প্রশ্নপত্র ফাঁসের এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে কেউ প্রশ্নপত্র হাজির করেনি। জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকেও কোনো অভিযোগের কথা জানানো হয়নি। কোনো জায়গা থেকে প্রশ্নপত্রের মোড়কের সিলগালা নষ্ট বা মোড়ক নষ্টের খবরও পাইনি। তবে সাংবাদিকেরা বলেছেন কোনো কোনো ওয়েবসাইটে বা ফেসবুকে এ রকম কিছু পাওয়া যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওয়েবসাইটে ও ফেসবুকে খুঁজে হুবহু প্রশ্নপত্রের অস্তিত্ব দেখেননি। তবে বিভিন্ন এলাকা থেকে বলা হচ্ছে, কোনো কোনো জায়গায় ৩০, ৫০ বা ৭০ শতাংশ কমন পড়ছে।... এর ওপর ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।’
মন্ত্রী বলেন, যারা বলছে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তাদের কোনো উদ্দেশ্য আছে। শুধু অর্থ আয়ের জন্য এটা করা হয়েছে বলে তাঁর মনে হয় না। বিশেষ কোনো উদ্দেশ্যে, প্রাথমিক পরীক্ষা সুষ্ঠু হচ্ছে—এই বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য এটি করা হচ্ছে। তবে তাঁরা এ ব্যাপারে আরও সতর্ক হবেন এবং এ ধরনের কোনো কিছু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া আছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, সোমবার প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট অভিযোগ এসেছিল বগুড়া থেকে। মন্ত্রী এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহিমের সঙ্গে কথা বলেছেন এবং তাঁর কাছ থেকে ফ্যাক্সে নমুনা আনিয়েছেন। মন্ত্রী বলেছেন, ওই নমুনাগুলো প্রশ্ন আকারে নেই।
নবাবগঞ্জে তদন্ত শুরু: বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, নবাবগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পৃথকভাবে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।
পুলিশ ওই ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ও একটি ফটোকপির দোকানদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গতকাল প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী তাঁকে ফোন করে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন। তিনি গতকালই তদন্ত প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, উপজেলার ভাদুরিয়ার একটি কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক ওই শিক্ষকের কাছে মুঠোফোনে বাংলার কিছু প্রশ্নের সমাধান চান, ওই প্রশ্নগুলো পরীক্ষার প্রশ্নপত্রে ছিল। ওই শিক্ষক মুঠোফোনেই ওই প্রশ্নগুলোর সমাধান দিয়েছিলেন।