আবারও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষার আগের রাতে ফেসবুকে পাওয়া প্রশ্নের সঙ্গে গতকাল সোমবার অনুষ্ঠিত পরীক্ষার মূল প্রশ্নের মিল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। একটি অনলাইন সংবাদপত্র এ নিয়ে প্রতিবেদন করেছে।
তবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল চারটার আগেও কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। বিকেল চারটার দিকে একটি অনলাইন পত্রিকা থেকে এমন অভিযোগের কথা বলা হয়েছে। কিন্তু সুনির্দিষ্ট করে কেউ কিছু বলেননি। এ জন্য বিষয়টি যাচাই করারও সুযোগ পাচ্ছেন না তাঁরা। তিনি দাবি করেন, এখন প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরবর্তী কাজগুলো যেভাবে করা হচ্ছে ও গোয়েন্দারা যেভাবে তৎপর, তাতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই।
হিসাববিজ্ঞানে ৪০ মিনিটের ৪০ নম্বরের এই নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি দুই ঘণ্টায় ৬০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।