ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলকারী বাসের ভাড়া আবারও বাড়ানো হয়েছে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে ঢাকা-মাওয়া রুটে বাসমালিকেরা যাত্রীপ্রতি বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি করেছেন। যাত্রীসেবার মান উন্নয়ন না করেই দফায় দফায় ভাড়া বৃদ্ধি করায় যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন।
মাওয়া ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-মাওয়া রুটে প্রতিদিন দক্ষিণবঙ্গসহ ওই এলাকার প্রায় ৪০ হাজার যাত্রী যাতায়াত করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মুন্সিগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের জারি করা বিআরটিএর প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসভাড়া (সেতু ও ফেরি থাকলে টোলসহ) এক টাকা ৪০ পয়সা। আর টোলমুক্ত থাকলে এক টাকা সাত পয়সা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী ঢাকা থেকে মাওয়ার দূরত্ব ৩১ কিলোমিটার এবং এর ভাড়া দাঁড়ায় প্রায় ৪৩ টাকা। কিন্তু বাসমালিকেরা কয়েক দফায় বাসভাড়া বৃদ্ধি করে ৭০ টাকা আদায় করছেন।
গত এক সপ্তাহের বিভিন্ন সময়ে মাওয়ায় ১০-১২ জন যাত্রীর সঙ্গে কথা হয়। এ সময় তাঁরা জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে চার মাস আগে বাসভাড়া ছিল ৫২ টাকা। সেই ভাড়া কয়েক দফা বাড়িয়ে বর্তমানে আদায় করা হচ্ছে ৭০ টাকা। কোরবানির ঈদের আগে এ ভাড়া ছিল ৬০ টাকা। এরই মধ্যে এক লাফে ১০ টাকা বাড়িয়ে দেন বাসমালিকেরা।
যাত্রীরা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাসমালিকদের নিয়ন্ত্রণও বদলে যায়। ক্ষমতার দাপটে এসব বাসমালিক নিয়মকানুনের তোয়াক্কা না করেই যখন-তখন ভাড়া বাড়িয়ে দেন। প্রশাসন এ ক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করছে না।
যাত্রী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-মাওয়া মহাসড়কের ১১টি পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী আকবর। এ ছাড়া আলী আকবরের সঙ্গে ইলিশ পরিবহনের অংশীদার রয়েছেন মেদেনীমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন। এ ছাড়া এ রুটে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের আরও পরিবহন রয়েছে। ক্ষমতাসীন দলের এসব মালিকের কারণে যাত্রীরা প্রতিবাদ করতে সাহস করেন না।
আশরাফ হোসেন বলেন, ‘তেলসহ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে সমিতির (মাওয়া বাসমালিক কল্যাণ সমিতি) লোকজন বাসভাড়া বৃদ্ধি করেছেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভাড়া বৃদ্ধি করেছি।’
এ বিষয়ে মাওয়া বাসমালিক কল্যাণ সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আকবরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের জন্য গত এক সপ্তাহে অন্তত সাত-আটবার রিং করলেও তিনি ধরেননি। এ ব্যাপারে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, ভাড়া বৃদ্ধির বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।