আবারও ভেজাল দুধের কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস ও ঈদুল ফিতর সামনে রেখে পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় ভেজাল দুধের কারবারিরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনিক নজরদারি কমে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা ভেজাল দুধ উৎপাদন করছে।
২৮ জুন ভ্রাম্যমাণ আদালত সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল দুধ উৎপাদনের বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। ভেজাল দুধ তৈরির দায়ে আদালত দুধ ব্যবসায়ী দুই ভাইকে জেল-জরিমানা করেন। কারখানা থেকে ৬০ ক্যান (প্রতি ক্যানে ৪০ লিটার) ভেজাল দুধসহ জব্দ করা হয় এ দুধ তৈরির নানা উপকরণ।
দুই উপজেলায় ভেজাল দুধ তৈরির বিষয়ে গত বছরের (২০১৪ সাল) ২১ ডিসেম্বর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। তখন ওই দুই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ-ছয়টি ভেজাল দুধের কারখানার মালিককে জরিমানা করেন। প্রতিবেদন প্রকাশের পর কিছুদিন প্রশাসনের কঠোর নজরদারি থাকায় ভেজাল দুধের উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়।
বিভিন্ন এলাকার ১০-১২ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়া উপজেলার হাটুরিয়া, নাকালিয়া, পেঁচাকোলা ও মোহনগঞ্জ এবং সাঁথিয়ার সোনাতলা, সেলন্দা, ডেমরা, চকমধুপুর, শিবরামপুর, তেঁতুলিয়া, ফেচুয়ান, তালপট্টি প্রভৃতি গ্রামের ২০ থেকে ২৫ জন অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ উৎপাদন করছে।
ভ্রাম্যমাণ আদালত—সংশ্লিষ্ট কর্মকর্তা, এলাকাবাসী ও দুধ ব্যবসায়ী সূত্র জানায়, উৎপাদিত ভেজাল দুধ সরবরাহ করা হচ্ছে একাধিক বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে। ভেজালকারীদের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কিছু কর্মকর্তা-কর্মচারীর গোপন সমঝোতা রয়েছে।
পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর ও ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা। এ এলাকা থেকে প্রতিদিন পাঁচ লাখ লিটারের বেশি দুধ সংগ্রহ করে থাকে সরকারি দুধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা এবং বেসরকারি প্রাণ, ব্র্যাক (আড়ং দুধ), আকিজ (ফার্ম ফ্রেশ), আফতাব প্রভৃতি প্রতিষ্ঠান। দুধ সংগ্রহের জন্য এসব প্রতিষ্ঠান ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে স্থাপন করেছে প্রচুর শীতলীকরণ ও সংগ্রহকেন্দ্র।
প্রাণ ডেইরির সহকারী মহাব্যবস্থাপক (পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল) শরীফ উদ্দিন তরফদার বলেন, ‘বর্তমানে আমরা পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল থেকে প্রতিদিন ১ লাখ ২০ হাজার লিটার দুধ সংগ্রহ করছি। আধুনিক যন্ত্রের মাধ্যমে বারবার পরীক্ষার পর নিশ্চিত হয়েই আমরা দুধ সংগ্রহ করে থাকি।’
ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের এলাকা ব্যবস্থাপক (বেড়া-সাঁথিয়া) গোবিন্দ কুমার দে বলেন, ‘প্রতিটি সংগ্রহকেন্দ্রে খামারি ও দুধ ব্যবসায়ীদের জন্য সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে দিয়েছি। তাতে বলা হয়েছে, কারও কাছে ভেজাল দুধ পাওয়া মাত্রই তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। বিষয়টি শুধু খামারি বা দুধ ব্যবসায়ীদের ক্ষেত্রেই নয়, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য।’
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট কর্মকর্তা, দুধ ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্র জানায়, দুই পদ্ধতিতে ভেজাল দুধ তৈরি হচ্ছে। এর একটি হলো ছানার পানির সঙ্গে দুধের ননি, গুঁড়া দুধ, চিনি, লবণ, খাবার সোডা মিশিয়ে। এই পদ্ধতি বেশ পুরোনো। তবে বছর খানেক ধরে আরেক পদ্ধতিতে ভেজাল দুধ তৈরি হচ্ছে। এ পদ্ধতিতে ভেজালকারীরা প্রথমে দুধ থেকে সব ননি তুলে নিচ্ছে। আর ননিবিহীন সেই দুধে মেশানো হচ্ছে পাম অয়েল অথবা সয়াবিন তেল দিয়ে তৈরি নকল ননি ও পানি।
ননিই হলো দুধের প্রাণ। দুধে কী পরিমাণ ননি আছে, তার ভিত্তিতেই দুধের দাম নির্ধারণ করে থাকে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া ঘি ও ছানা তৈরির কারাখানাগুলোও দুধে ননির পরিমাণের ভিত্তিতে দুধ সংগ্রহ করে থাকে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আবদুস সালাম বলেন, ‘উপজেলার কয়েকটি স্থানে আবারও ভেজাল দুধ উৎপাদনের খবর পাচ্ছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর উদ্যোগ নিয়েছি।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এ ব্যাপারে শিগগিরই অভিযান চালানো হবে।’
সাঁথিয়ার ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত গঠন করে এদের বিরুদ্ধে আগেও অভিযান চালিয়েছি, বর্তমানে চালাচ্ছি, ভবিষ্যতেও চালাব। এদের জন্য বিন্দুমাত্রও ছাড় নেই।’