আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক অবরোধের সময় গাড়ি ভাঙচুর করা হয় l ছবি: প্রথম আলো
সড়ক অবরোধের সময় গাড়ি ভাঙচুর করা হয় l ছবি: প্রথম আলো

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজের নাম জাতীয়করণের তালিকা থেকে ‘বাদ দেওয়ার’ প্রতিবাদে গতকাল সোমবার আবারও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ছয়টি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।
এর আগে একই দাবিতে ১৮ জুলাই কলেজটির শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল ও কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন। এ ছাড়া কয়েক দিন ধরে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবকেরা কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে কয়েক শ শিক্ষার্থী কলেজ-সংলগ্ন সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের হারিছ চৌধুরীর বাজারে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে কর্মসূচিতে কয়েকজন অভিভাবকও যোগ দেন। অবরোধের কারণে সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় ছয়টি বাসে হামলা ও ভাঙচুর চালায় কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলা-ভাঙচুরের সময় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের খবর পেয়ে সুবর্ণচরের চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বেলা আড়াইটার দিকে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তাঁর অভিযোগ, কলেজে কিছু শিক্ষকের ইন্ধনে শিক্ষার্থীরা এসব করেছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, অনেক চেষ্টা করেও শিক্ষার্থীদের শান্ত করা যায়নি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু শিক্ষক আন্দোলনের জন্য শিক্ষার্থীদের ইন্ধন দিচ্ছেন এ প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, কেউ ইন্ধন দিয়েছেন কি না, তা তাঁর জানা নেই।