আবারও শিশু ধর্ষণ, একজন গ্রেপ্তার
আট বছরের মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে মো. সিদ্দিক নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে রাজধানীর রূপনগর থানার পুলিশ। গতকাল সোমবার ভোরে ঘটনার শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মতলবুর রহমান জানান, মিরপুর-৬ নম্বর সেকশনের ট ব্লকের ২ নম্বর সড়কের বস্তিতে থাকে শিশুটির পরিবার। তার বাবা দিনমজুর, মা গৃহকর্মী। রোববার দুপুরে শিশুটির বাবা-মা কাজ করতে বাইরে গেলে প্রতিবেশী সিদ্দিক শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। রাতে তার বাবা-মা ফিরে এলে বিষয়টি তাঁদের জানায়। রাতেই শিশুটির ভাই বাদী হয়ে সিদ্দিককে আসামি করে রূপনগর থানায় মামলা করেন। এরপর সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রোববার কল্যাণপুরের পোড়া বস্তিতে চার বছরের এক শিশুকে ধর্ষণ করে এক বালক। গত শনিবার ওয়ারীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।