আবারও স্কুলমাঠে সাংসদ ইলিয়াস মোল্লাহ্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আপত্তি উপেক্ষা করে রাজধানীর মিরপুর সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও বস্ত্রমেলার আয়োজন করা হয়েছে। ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্সহ দলীয় নেতা-কর্মীরা মেলার আয়োজক।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় বিজয় দিবস উপলক্ষে ওই মাঠেই বস্ত্রমেলার আয়োজন করা হয়। সেই মেলা চলে জানুয়ারির মাঝামাঝি অবধি। এরপর এপ্রিলে বাংলা নববর্ষ উপলক্ষে আবারও বস্ত্রমেলা বসানো হয় বিদ্যালয় মাঠে। ২০ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলে ওই মেলা। এরপর ১৫ জুন থেকে রমজান মাস সামনে রেখে মেলা শুরু হয়েছে এখানে। এবার মেলা চলবে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত। রমজান মাস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে তাঁত ও বস্ত্রমেলার উদ্বোধন করেন সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্।
মাত্র ছয় মাসের মধ্যে বিদ্যালয়টির তিন বিঘা আয়তনের বিশাল এই মাঠে এ নিয়ে তৃতীয়বারের মতো বস্ত্রমেলার আয়োজন করা হলো। প্রতিবারই ইলিয়াস মোল্লাহ্ নিজে এসে মেলার উদ্বোধন করেন।
এ ব্যাপারে ইলিয়াস মোল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী অনুমতি দিয়েছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমতির প্রয়োজন কিসের?’ মিরপুরের ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির তাঁতিদের স্বার্থে মেলার আয়োজন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
অথচ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৯৯১ সালের পরিপত্র অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যবহার, স্থাপনা বা চালু করা বেআইনি কাজ; যা প্রাথমিক শিক্ষার পরিবেশের পক্ষে ক্ষতিকর। এসব বিষয় উল্লেখ করে মেলা আয়োজনের সুযোগ নেই বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়। বিষয়টি ইলিয়াস মোল্লাহ্কে জানানো হলে তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের কাগজ নেই। পেলে দেখব।’
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবার মেলা করে কয়েক লাখ টাকা আয় করছেন আয়োজকেরা। তাঁতিদের উন্নয়নের কথা বলে মেলা আয়োজন করা হলেও স্টলগুলোতে প্রসাধন, হাঁড়ি-পাতিল, জুতা—সবই মেলে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগের স্থানীয় নেতা ইসমাইল মাতবর ও তাঁর ছেলে জিন্নাত আলী মাতবর মেলার তদারক করছেন।
সরেজমিনে দেখা গেছে, আগের দুবার মাঠে নাগরদোলা, রেলগাড়ি বসানো হলেও এবার সেই জায়গায় বাড়তি ১৫টি স্টল নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে এবার অর্ধশত ছোট-বড় স্টল আছে মেলা প্রাঙ্গণে। ছোট স্টলগুলো থেকে ১৫ হাজার টাকা, মাঝারিগুলো থেকে ২০-২৫ হাজার টাকা এবং বড় স্টল থেকে ৩০-৪০ হাজার টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
মেলা আয়োজনের বিষয়ে প্রতিবারই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপত্তি জানিয়ে আসছে। ২০১৪ সালে এ-সংক্রান্ত চিঠির একটি অনুলিপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ্র কাছেও পাঠানো হয়। এবারও মেলা না করার জন্য ৫ মে চিঠি দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
থেকে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়।
তারপরও মেলা বসানো হচ্ছে কেন—জানতে চাইলে থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার বানু প্রথম আলোকে বলেন, ‘আয়োজকেরা কোনো কিছুই আমলে নেন না। শুনেছিলাম, বৈশাখের পর আর মেলা বসবে না। তারপরও মেলা বসেছে।’