আবারও হুমকি 'ছাত্রশিবিরের'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ মাস পর খোলা শাহ আমানত ছাত্রাবাস থেকে সব অবৈধ ছাত্রকে বের করে দিয়ে বৈধ আবাসিক ছাত্রদের তুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ‘ছাত্রশিবির’।
গতকাল বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানায় তারা। সাদ্দাম হোসাইন, আশিকুর রহমান, শাহাদাত হোসাইন ও এরশাদুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই দাবি না মানলে লাগাতার কঠোর কর্মসূচি দিয়ে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
শাহ আমানত ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসে বৈধ আবাসিক ছাত্রদের তুলে দেওয়ার দাবিতে গত ৩১ আগস্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করে আসছিল ‘ছাত্রশিবির’। কয়েক দফা অবরোধ ও ধর্মঘট কর্মসূচি পালন করার পর গত ২৫ অক্টোবর তারা তাদের আন্দোলন স্থগিত করে। কিন্তু এ দুই মাসে নানা ধ্বংসাত্মক কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে তারা। এর মধ্যে গত ১০ সেপ্টেম্বর শিক্ষক বাসে ককটেল হামলার ঘটনা উল্লেখযোগ্য। ছাত্রশিবিরের এই হামলায় বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্প্রতি পত্রিকায় মহিউদ্দিন চৌধুরী বহিরাগতদের ক্যাম্পাসে তুলতে চাইছেন বলে মন্তব্য করেছিলেন। এবার তিনি নিজে সেই বহিরাগতদের ছাত্রাবাসে তুলে চরম অনৈতিকতার পরিচয় দিলেন। তাই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে তবে সম্পৃক্ততা নেই।’