রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কের জমজম টাওয়ারের পাশের খালি জায়গায় গড়ে উঠেছে অবৈধ পিকআপস্ট্যান্ড। আবাসিক এলাকায় বেড়েছে ভারী যানবাহনের চলাচল। একই জায়গায় ফুটপাতের সঙ্গেই বসেছে বেশ কয়েকটি রেন্ট-এ কারের দোকান। ফলে প্রশস্ত ফুটপাত থাকলেও পথচারীরা চলাচল করতে পারছেন না। রেন্ট-এ কারের গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হচ্ছে রাস্তার ওপরেই।
গত মঙ্গলবার পিকআপস্ট্যান্ডে গেলে চোখে পড়ে সেখানে সারিবদ্ধভাবে ৫০টির বেশি পিকআপ ও কাভার্ড ভ্যান রাখা হয়েছে। জানা যায়, এক বছর ধরে এখানে পিকআপস্ট্যান্ডটি চলছে। স্ট্যান্ডে কয়েকজন চালকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, শুধু দিনেই গাড়ি থাকে, রাতে থাকে না। স্থানীয় ব্যক্তিরা জানান, সব সময়ই গাড়ি থাকে। সোনারগাঁও জনপদ সড়কটি প্রশস্ত হলেও পিকআপস্ট্যান্ড আর রেন্ট-এ কারের দোকান বসায় সড়কের এ অংশ প্রায় সময়ই যানবাহনে ভরা থাকে। পায়ে চলাও কষ্টকর হয়ে পড়ে।
১৩ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম ফারুক বলেন, ‘রাস্তা তো অনেক বড়। কিন্তু আবাসিক এলাকার মধ্যে গাড়ির স্ট্যান্ড থাকবে কেন? নানা ধরনের লোকজন এলাকায় ঢুকছে। গাড়ির সংখ্যা দিনে দিনে বাড়ছে। এখনই চলাচল করা মুশকিল হয়ে উঠেছে। ভবিষ্যতে আরও সমস্যা হবে।’
চালকেরা জানান, স্ট্যান্ডটির দেখাশোনা করেন বশির হাওলাদার। পিকআপস্ট্যান্ড গড়ে ওঠার ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ট্রাক শ্রমিক ইউনিয়ন হরিরামপুর ও উত্তরা অঞ্চলের সাধারণ সম্পাদক বশির হাওলাদার বলেন, ‘সরকারি অনুমতি ছাড়া কি কেউ গাড়ি রাখে? সিটি করপোরেশনের যত ফাঁকা জায়গা আছে, সেসব জায়গায় আমরা গাড়ি রাখতে পারব। এখানে সবাই নিজ দায়িত্বে গাড়ি রাখে, রাতে আবার নিয়ে যায়।’
ওদিকে রেন্ট-এ কারগুলোর কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, দোকানগুলো এখানে প্রায় দুই বছর ধরেই আছে। রয়েছে ১৩টি দোকান। প্রতিটি দোকানেরই আছে কয়েকটি করে গাড়ি। উত্তরার হরিরামপুর ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্সও নিয়েছেন তাঁরা। দেখা যায়, রাস্তার ওপরেই রাখা হচ্ছে রেন্ট-এ কারের গাড়ি। এই অংশের ফুটপাতের পুরোটাই রেন্ট-এ কার ও পিকআপস্ট্যান্ডের লোকজনের দখলে। নিরুপায় সাধারণ পথচারীরা ফুটপাতের বদলে রাস্তা দিয়েই যাতায়াত করছেন।
নাম না প্রকাশের শর্তে রেন্ট-এ কারের একাধিক চালক বলেন, ‘আমরা এখানে অবৈধভাবেই আছি। ফাঁকা আছে, তাই বসেছি। প্লটের মালিক ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেই এখানে অফিস দিয়েছি।’
পিকআপস্ট্যান্ডের অনুমতি প্রসঙ্গে আরেকজন শ্রমিকনেতা বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সহসভাপতি আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কমিটি থেকেই ওখানে থাকার অনুমতি দিছে।’
সোনারগাঁও জনপদজুড়ে জায়গায় জায়গায় দেখা যায়, ফুটপাতের ওপরেই রাখা হয়েছে খাবার হোটেলের সামগ্রী, আসবাবের দোকানের পণ্য, অনেকগুলো চায়ের দোকান, নির্মাণসামগ্রীসহ হরেক রকম জিনিসপত্র। এসব জায়গায় লোকজন রাস্তা দিয়ে চলাচল করছেন।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব নবীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ধারণা, সিটি করপোরেশনের কেউই এসবের অনুমতি দেয়নি। আমরা রাস্তাঘাট পরিষ্কার করার জন্যই নানা রকম চেষ্টা করছি। সেখানে আমাদের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। বিষয়টি আমাদের জানা ছিল না। যেহেতু জানতে পেরেছি, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জানাব। তিনি যদি সমস্যা শনাক্ত করেন, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’