আবাসিক হোটেল থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে গতকাল শনিবার আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, বড় ভাই পরিচয়দানকারী এক তরুণ ওই শিশুকে হত্যা করার পর হোটেল কক্ষের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। হোটেলের নিবন্ধন খাতায় শিশুর নাম ইমন ও তাঁর বাড়ি ঢাকার বাড্ডা থানার জগন্নাথপুর গ্রামে উল্লেখ রয়েছে। বড় ভাই পরিচয়দানকারী লোকটির নাম শামীম হোসেন (২০)।
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টার দিকে উপজেলা শহরের কদমতলী বাস টার্মিনালের পাশের বিসমিল্লাহ বোর্ডিং নামের ওই আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষটি ভাড়া নেন শামীম হোসেন। হোটেলের নিবন্ধন খাতায় নাম ও ঠিকানা লেখার সময় তিনি নিজেকে ঢাকার বাড্ডা থানার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা হিসেবে উল্লেখ করেন। আর সঙ্গে থাকা শিশুকে তাঁর আপন ছোট ভাই বলে পরিচয় দেন। সিলেটে তাঁরা বেড়াতে এসেছেন এমন তথ্য দিয়ে দুপুর ১২টা পর্যন্ত ৩০২ নম্বর কক্ষ ভাড়া নেন শামীম। সাড়ে ১২টার পরও কক্ষটি না ছাড়ায় একজন হোটেল বয় ওই কক্ষে গিয়ে দরজায় তালা মারা দেখেন।
বিসমিল্লাহ বোর্ডিংয়ের ব্যবস্থাপক আবদুল মুমিন জানান, কক্ষের দরজায় তালা দেখে লোকজন আছে কি না, তা যাচাই করতে গিয়ে ঘুলঘুলি দিয়ে কক্ষের ভেতরে উঁকি দেন একজন হোটেল বয়। তিনি ওই সময় শিশুটিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখেন। অনেক ডাকাডাকির পরও সে সাড়া না দেওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর পাঠায়। পরে পুলিশ এসে তালা ভেঙে বিছানায় শিশুটিকে মৃত অবস্থায় পায় এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।