আবাসিক হোটেলে কিশোরীকে ধর্ষণ
রাজশাহী নগরের আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার চেতনা ফেরেনি।
হাসপাতালের এক চিকিৎসক বলেন, তাঁরা ধারণা করছেন, মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছে। তা ছাড়া এত জখম হওয়ার কথা নয়।
এ ঘটনায় পুলিশ এক অটোরিকশাচালককে আটক করেছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে নগরের সোনাদীঘির মোড়ের ‘ভাই ভাই আবাসিক হোটেলে’ এ ঘটনা ঘটে। গতকাল সকাল সাতটার দিকে গুরুতর অবস্থায় একজন অটোরিকশাচালক কিশোরীকে হাসপাতালে নিয়ে যান। ওই অটোরিকশাচালকও রাতে ওই হোটেলে ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তাঁকে আটক করেছে।
পুলিশ জানায়, গোদাগাড়ীর এক রাজমিস্ত্রির সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সে বুধবার বিকেলে কিশোরীকে রাজশাহীতে নিয়ে আসে। তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাতে হোটেলে ওঠে। সেখানে কিশোরী ধর্ষণের শিকার হয়। প্রচুর রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে অটোরিকশায় করে কিশোরীকে হাসপাতালে পাঠিয়ে ধর্ষণকারী পালিয়ে যায়।
হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সূত্রে জানা গেছে, কিশোরীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। তার মা চোখে দেখতে পান না। বাবা থাকেন ঢাকায়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি নিজের টাকা দিয়ে রক্ত কিনে দিয়েছেন। কিশোরীর মা একা আসতে পারবেন না। এ জন্য তাঁকে আনার ব্যাপারে পুলিশের নাচোল থানার সহযোগিতা চাওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ওসিসির পরিদর্শক নাজমা খানম গতকাল সন্ধ্যায় বলেন, মেয়েটির অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এখনো তার চেতনা ফেরেনি।