আবাসিক হোটেলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে ঢাকায় আসা এক ছাত্রীকে রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেছে তাঁর পরিচিত দুই যুবক। এ ঘটনায় তরুণীর পরিবার বাদী হয়ে গতকাল শনিবার রমনা থানায় ওই দুজনের বিরুদ্ধে মামলা করেছে। ছাত্রীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ছাত্রীটি জামালপুরের একটি কলেজ থেকে এইচএসসি পাস
করে ঢাকায় আসেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তিনি মৌচাক এলাকায় একটি কোচিং সেন্টারে ভর্তি হন।
গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাঁর নিজ এলাকার পরিচিত এক যুবক তাঁকে হোস্টেল থেকে বের হতে বলে। এরপর তাঁকে মগবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে আরেক যুবক আগে থেকেই অবস্থান করছিল। তারা হোটেলের তিনতলার একটি কক্ষে নিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর ছাত্রীটি ফোনে তাঁর মা-বাবাকে এ বিষয়টি জানান। পরিবারের লোকজন গতকাল সকালে রমনা থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। পরে পুলিশ ওই ছাত্রীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের আলামত পাওয়া গেছে কি না, সে ব্যাপারে চিকিৎসকেরা বক্তব্য দেননি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ছাত্রীর বক্তব্য অনুযায়ী, নাশতা খাওয়ানোর কথা বলে এক বন্ধু তাঁকে আবাসিক হোটেলে নিয়ে গেছে। বন্ধুটি রাজধানীর তেজগাঁও কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।
ওসি জানান, ছাত্রীটির ভাষ্যমতে, লিফটে করে তাঁকে হোটেলের তিনতলায় নিয়ে যাওয়া হয়। কিন্তু মগবাজারে যে কটি হোটেল আছে, তার কোথাও লিফট নেই। তাই তাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।