আবাসিক হোটেল সিলগালা, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। নানা অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে পাঁচটি খাবার হোটেল ও একটি কনফেকশনারিকে। রাস্তায় নির্মাণসামগ্রী রাখায় জরিমানা গুনতে হয় একটি নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকেও।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পরিমাণ ২ লাখ ৫৫ হাজার টাকা।
গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে বনানী ১০২/৬ এয়ারপোর্ট অ্যাভিনিউর নিউ সুন্দরবন হোটেলকে ট্রেড লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। এ ছাড়া কিচেন নোংরা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার রাখা এবং কর্মচারীদের ফিটনেস সনদপত্র না থাকায় শুভ কনফেকশনারিকে ২৫ হাজার, বন্ধু হোটেলকে ১৫ হাজার, প্রিন্স হোটেলকে ২০ হাজার, বৈশাখী হোটেলকে ২০ হাজার, বনানী ১০ নম্বর রোডের চিলেকোঠা রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং ১১২/বি গুলশান অ্যাভিনিউর চিটাগাং বুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নির্মাণসামগ্রী রাস্তায় রাখায় পিংক সিটির পাশের একটি নির্মাণাধীন ভবনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রসিকিউশন কর্মকর্তা আবদুস সালামসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।