আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ, নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুল এলাকার একটি হোটেল থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে ফকিরাপুলের এরিনা হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ীর নাম হামিদুর রহমান মজিবর (৩৮)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামের পিয়ার বক্সের ছেলে। আদম ব্যবসায়ী হামিদুর রহমান ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির ২৭ নম্বর বাসায় থাকতেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, ওই ব্যবসায়ী এক নারীকে নিয়ে গতকাল রাতে ফকিরাপুলের এরিনা হোটেলে ওঠেন। রাত দুইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই নারী তাঁকে প্রাথমিকভাবে শুশ্রূষা করেন। পরে কোনো এক সময় তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ব্যবসায়ীর মৃত্যুর কারণ জানা যাবে।

ব্যবসায়ীর স্ত্রী দিলরুবা আক্তার জানান, গতকাল রাতে গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।