আম পাকাতে গিয়ে ১ লাখ টাকা জরিমানা
অপরিপক্ব আম পাকাতে ক্ষতিকর কারবাইড মেশানোর দায়ে শাহাব উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারইপাড়া গ্রামে আম ব্যবসায়ী শাহাব উদ্দিন আজ দুপুরে তাঁর বাগান থেকে অপরিপক্ব আম সংগ্রহ করেন। আমগুলো কৃত্রিমভাবে পাকানোর উদ্দেশ্যে তিনি তাতে ক্ষতিকর কারবাইড মেশাতে থাকলে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আম ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় রাসায়নিক মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম খোন্দকার ফরহাদ আহম্মদ বলেন, ‘কারবাইড দিয়ে পাকানো আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। যেন অন্য কেউ এ কাজ করতে সাহস না পায়।’