আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আম পাড়াকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে এক নারীসহ সাতজন আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার কসবা রেলস্টেশন ও সুতারমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের মনির হোসেন (৩৫) কসবা রেলস্টেশন এলাকায় রেলওয়ের মালিকানাধীন আমগাছে কাঁটা দিয়ে বেড়া দেন। গতকাল দুপুরে খারপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে খলিল মিয়া বেড়া দিতে বাধা দেওয়ায় মনির হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে মনির ও খলিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন কালিকাপুর গ্রামের মনির হোসেন (৩৫), তাঁর ভাই জাকির মিয়া (৩০) এবং খারপাড়া গ্রামের ইউনুছ মিয়া (৫০)। এঁদের মধ্যে মনির হোসেন ও ইউনুছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুতারমুড়া গ্রামের আজ্জম আলীর আমবাগান থেকে একই গ্রামের কফিল উদ্দিনের লোকজন জোরপূর্বক আম পাড়তে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন। এঁরা হলেন সুতারমুড়া গ্রামের আজ্জম আলী (৬০), কফিল মিয়া (৬৫), শিল্পী আক্তার (৩০), জুয়েল মিয়া (২৫)। এঁদের মধ্যে আজ্জম আলীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।