আম পাড়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে কামাল হোসেন মোল্লা (৩৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা ও স্ত্রী। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের স্ত্রী ও বাবাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে এক খণ্ড জমি নিয়ে কামালের সঙ্গে তাঁর বড় ভাই শাজাহান আলী মোল্যার বিরোধ চলে আসছিল। ওই জমিতে কয়েকটি আম গাছ আছে। আজ দুপুরে শাজাহান আলী মোল্লা, তাঁর দুই ছেলে খলিল ও শামীম এবং দুই ভাগনে হবিবর সরকার ও নিজাম সরকার ওই জমিতে আম পাড়তে যান। এ সময় কামাল, তাঁর বাবা আবদুল মালেক ও স্ত্রী রাজিয়া বেগম বাধা দেন। এতে উভয় পক্ষে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন কামাল, তাঁর বাবা ও স্ত্রীকে কোপাতে থাকে। গুরুতর অবস্থায় তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বেলা একটার দিকে কামাল মারা যান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে শাজাহান, তাঁর ছেলে ও ভাগ্নেরা পলাতক। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।