আমগাছে ঢিল মারায় শিশুকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমগাছে ঢিল মারায় সাত বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে গত রোববার সকালে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুটির নাম তানজিলা। বাবার নাম রবিউল ইসলাম। তানজিলা স্থানীয় শ্রীনিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তাকে হত্যার অভিযোগে একই গ্রামের বাসিন্দা সাদু মিয়াকে (৫০) ওই দিন বিকেলেই গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন সাদু মিয়া।
এর আগে তানজিলাকে হত্যার ঘটনায় রোববার রাতেই রবিউল ইসলাম বাদী হয়ে সাদু মিয়া, তাঁর দুই ভাই মোস্তফা (৫০) ও হারুন (৬০) এবং ভাতিজা মোজাম্মেলকে (৩৫) আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই ফিরোজ আহমেদ বলেন, সাদু মিয়া আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তানজিলা ও মোসলেমা নামে আরেকটি শিশু তাঁর বাড়ির আমগাছে ঢিল ছোড়ে। এ সময় তিনি খুব জোরে তানজিলার বুকে থাপ্পড় দেন। এতে সে মাটিতে পড়ে ছটফট করতে থাকে। পরে তিনি তানজিলাকে তাঁর ঘরে নিয়ে খাটে শুইয়ে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু সে মারা যায়। তানজিলার লাশ ঘরে রেখে দরজায় তালা দিয়ে তিনি বাইরে যান। দুপুরের দিকে তিনি আবার ঘরে এসে দরজা বন্ধ করে লাশটি একটি প্লাস্টিকের বস্তায় ভরে কাঠের আলমারির নিচের তাকে রেখে তালা দেন। পরে ঘরে তালা দিয়ে বের হয়ে যান। রাতের যেকোনো সময় লাশটি অন্যত্র ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট তানজিলা। তার বড় বোন তারমিন আক্তার নবম শ্রেণি এবং ভাই তারেক ষষ্ঠ শ্রেণির ছাত্র। গতকাল সকালে শ্রীনিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ ছাত্রছাত্রী ও শিক্ষকেরা শিশু তানজিলার হত্যাকারীদের কঠোর বিচারের দাবি করে বিক্ষোভ করেছেন।
এদিকে সন্তান হারিয়ে মা হোসনে আরা বেগম, বাবা রবিউল ইসলাম, বোন তারমিন ও ভাই তারেক পাগলপ্রায়। রবিউল ইসলাম বলেন, ‘আমার মেয়েটিকে যারা হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, তানজিলার লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় তানজিলার বাবা বাদী হয়ে সাদু মিয়াসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।