আমতলীতে আরডিপির ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় এক হাজার গ্রাহকের প্রায় দুই কোটি টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারি প্রতিষ্ঠান আরডিপির আমতলী ও কলাপাড়া শাখার ব্যবস্থাপক আবদুল মান্নানকে গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে আমতলী শহরের পল্লবী এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গত ৪ মে গ্রাহকদের টাকা ফেরত না দিয়েই আকস্মিক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবদুল মান্নান ও অন্য কর্মকর্তারা আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কার্যালয়ে তালা দিয়ে উধাও হয়ে যান। ৭ মে বরগুনার জেলা প্রশাসকের নির্দেশে আরডিপির আমতলী শাখা কার্যালয়টি সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে বিষয়টি তদন্ত করা হয়।
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন জানান, জেলা প্রশাসকের নির্দেশে বিষয়টি তিনি মাঠপর্যায়ে অনুসন্ধান করে সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছেন।
গত ৬ মে ‘কোটি টাকা নিয়ে উধাও আরডিপি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।