আমতলীতে উপবৃত্তির টাকা বিতরণে ঘুষ আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণে ঘুষ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, আমতলীতে ৬৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। তিন মাস পর পর এসব শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে ৯৬০, নবম শ্রেণিতে ১ হাজার ৮০ ও দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থী ১ হাজার ৯৫০ টাকা করে উপবৃত্তি পায়।

কয়েকজন শিক্ষার্থী বলে, উপজেলার গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন, গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৪ জন, গুলিশাখালী দাখিল মাদ্রাসার ২৬ জন, উত্তর কালামপুর নুরানী বালিকা মাদ্রাসার ২২ জন, হরিদ্রাবাড়িয়া ডিএস দাখিল মাদ্রাসার ৩৩ জন, ন ম আমজাদিয়া দাখিল মাদ্রাসার ৫০ জন ও উত্তর কালামপুর হাতেমিয়া দাখিল মাদ্রাসায় তিনজন শিক্ষার্থীসহ মোট ৫০০ শিক্ষার্থীকে গত শনিবার গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা দেওয়া হয়। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, অফিস সহকারী জাকির হোসেন, অগ্রণী ব্যাংকের আমতলী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সুলতান উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা করে ঘুষ নেন সংশ্লিষ্ট মাদ্রাসা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।

নাম প্রকাশ না করার শর্তে গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির ১২ জন শিক্ষার্থী বলে, শিক্ষা কর্মকর্তাদের দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রধান শিক্ষক ২০০-৩০০ টাকা করে রেখে দিয়েছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিস সহকারী ও ব্যাংক কর্তৃপক্ষকে দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘আমি কোনো প্রধান শিক্ষককে আমাকে দেওয়ার জন্য টাকা আদায় করার নির্দেশ দিইনি। যদি কেউ তা বলে থাকেন তবে তা সত্য নয়। তাঁরা টাকা আদায় করেছেন কি না জানা নেই।’