আমতলীতে কিশোর গ্যাং নেতার বিচারের দাবিতে মানববন্ধন
ইসফাক আহম্মেদ (১৮) নামের এক কিশোর গ্যাংয়ের নেতার কারণে অতিষ্ঠ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নবাসী। তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে হলদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।
আমতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসফাক। তাঁর নামে আমতলী থানায় মারধরের একাধিক মামলা রয়েছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমানের মদদে এই কিশোর নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। ইসফাক ছাত্রলীগের কর্মী।
জানা যায়, সম্প্রতি হলদিয়া ইউপির সাবেক সদস্য প্রয়াত ইসলাম তালুকদারের ছেলে নবাব তালুকদারের কাছে ইসফাক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকার করেন নবাব তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের নেতা ইসফাক ও তাঁর অনুসারীরা ১৩ মার্চ নবাবকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন।
এ ঘটনায় ১৬ মার্চ নবাব বাদী হয়ে ইসফাককে প্রধান আসামি করে চারজনের নামে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (আমতলী সার্কেল) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মনিরুল ইসলাম নামের এক সাংবাদিকের পেটানোর অভিযোগও রয়েছে ইসফাকের বিরুদ্ধে। ওই সাংবাদিক বলেন, ‘কিশোর গ্যাং নিয়ে সংবাদ করায় গত শুক্রবার দুপুরে ইসফাক আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এর আগে গত বছর নভেম্বর মাসে দলবল নিয়ে আমার ওপর হামলা চালান। এ ঘটনায় আমি মামলাও করেছি।’
ইসফাকের আতঙ্ক থেকে বাঁচতে অনন্যোপায় হয়ে মানববন্ধনে দাঁড়ান এলাকাবাসী। স্থানীয় শাহেদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রিয়াজ মাহমুদ, সোহেল চৌকিদার, শামীম মীর, উজ্জ্বল মাহমুদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত কিশোর গ্যাংয়ের নেতা ইসফাককে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইসফাক বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা করেছে। এসব ঘটনার আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ইসফাকের কোনো দোষ দেখছেন না আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মেয়র মতিয়ার রহমানও। প্রথম আলোকে তিনি বলেন, ইসফাক ছাত্রলীগের একজন উদীয়মান কর্মী, তিনি সব সভা-সমাবেশ সফল করেন। যাঁরা আওয়ামী লীগের বিরোধী, রাজাকার-আলবদর, যাঁরা আওয়ামী লীগকে ধ্বংস করতে চান, তাঁরা এমন অভিযোগ করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ইসফাকের বিষয়ে অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ইসফাকের নামে অন্যান্য মামলাও তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।