আমতলীতে চোর সন্দেহে তিন ব্যক্তিকে মারধর, চুল কর্তন
বরগুনার আমতলী উপজেলার পায়রা নদী থেকে জাল চুরি করার অভিযোগে গত শুক্রবার রাতে এক বৃদ্ধসহ তিন ব্যক্তিকে বেদম মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁদের তিনজনকে আমতলী থানায় সোপর্দ করা হয়। এই তিন ব্যক্তি হলেন ওয়াজেদ সরদার (৭০), আবদুল করিম (৩০) ও রতন চন্দ্র হাওলাদার (২১)।
স্থানীয় কয়েকজন জেলে জানান, উপজেলার বৈঠাকাটা এলাকার পায়রা নদীতে বেশ কিছুদিন ধরে জেলেদের জাল ও গেরাফি (নোঙর) চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে বেশ কিছুদিন থেকে সেখানে এক জেলে আরেক জেলেকে চোর সন্দেহ করে ঝগড়া চলছিল। এরপর জেলেরা সিদ্ধান্ত নেন, চোর ধরতে তাঁরা নদীতে পাহারা দেবেন। ১৫ দিন ধরে তাঁরা পালাক্রমে পাহারা দিয়ে আসছিলেন।
ওই জেলেদের ভাষ্য, শুক্রবার রাত ১২টার দিকে বৈঠাকাটা থেকে আধা কিলোমিটার দূরে পায়রা নদীতে একটি ডিঙি নৌকায় থাকা তিনজন লোক নদীতে পাতা স্থানীয় জেলে ফোরকান ব্যাপারীর জাল চুরি করে আরও কয়েকজনের জাল কাটছিলেন।
এ সময় পাহারারত জেলেরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে জেলেপাড়ার লোকজন ছুটে এসে নৌকা করে গিয়ে নদী থেকে ওই তিনজনকে ধরে ফেলেন। পরে তাঁদের বেদম মারধর করে মাথার চুল কেটে দেন জেলেরা। গতকাল শনিবার সকালে তাঁদের আমতলী থানায় সোপর্দ করা হয়। মারধরের শিকার ওই তিনজনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামে।
মারধরে বৃদ্ধ ওয়াজেদ আলীর মাথা ফেটে যায়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অন্য দুজনের শরীরেও জখমের চিহ্ন রয়েছে।
রতন চন্দ্র হাওলাদার বলেন, ‘আমরা চোর না। বৃদ্ধ আমজেদ আলী মাঝির নৌকা ভাড়ায় নিয়ে আমতলীতে আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। নৌকায় করে বাড়ি যাচ্ছিলাম। এ সময় এখানের লোকজন আমাদের মিথ্যা চুরির অভিযোগে ধরে মারধর করে ও চুল কেটে দেয়।’ রতন আরও বলেন, ‘আমরা জাল চুরি করলে নৌকায় তো জাল থাকত, কিন্তু নৌকায় কোনো জাল ওনারা বের করতে পারেননি।’
ওয়াজেদ সরদার বলেন, ‘মোরা চোর না, মোর নৌকা ভাড়া লইয়া রতন আমতলীতে এক আত্মীয়ের বাড়ি আইছিল। যাওয়ার সময় ওনারা মোগো চোর সন্দেহে ধরছে। ওনারা মোগো কোনো কতাই হোনে নায় পিটাইয়্যা মাথা ফাটাইয়্যা দেছে।’
বৈঠাকাটা এলাকার জেলে হোসেন ও হাসান বলেন, ‘এরা তিনজনই চোর। চুরি করার সময় ধরা পড়েছে।’ চুরি করলে তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ না করে মারধর ও চুল কর্তন করা হলো কেন—এমন প্রশ্নে তাঁরা বলেন, ‘আমরা তাঁদের ধরে রেখেছি, মারধর করিনি।’ আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, চোর সন্দেহে আটক ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।