আমতলীতে ডাকাত ও গ্রামবাসী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে ডাকাত দলের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে দুই ডাকাতসহ সাতজন আহত হয়েছেন। বাগেরহাটে ডাকাতি করে পালানোর সময় চারটি ককটেলসহ জহির উদ্দিন সিকদার (৪০) নামের এক ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আমতলী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে টেপুরা গ্রামের কালাম মীরের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা কালাম মীর, তাঁর স্ত্রী কুলসুম বেগমসহ পরিবারের লোকজনকে বেঁধে ডাকাতি শুরু করে। একপর্যায়ে কুলসুম হাতের বাঁধন খুলে পালিয়ে গিয়ে গ্রামবাসীকে খবর দেন। পরে গ্রামবাসী বাড়ি ঘিরে ফেললে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত দেলোয়ার হোসেন ও শহীদুল ইসলাম নামের দুই ডাকাতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ডাকাতের হামলায় শাহীন, শাকিল, নাসির খান, লিটন ও কালাম মীর গুরুতর আহত হন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।
বাগেরহাট মডেল থানার ওসি আলী আজম খান বলেন, শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে পাঁচজনের একদল ডাকাত মালয়েশিয়াপ্রবাসী এনায়েতের বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে। পরে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী জহিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।