আমতলীতে ডাকাতি দুজন গুলিবিদ্ধসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে এক ইউপি সদস্যসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ধারণা করা হচ্ছে, ডাকাতেরা দেশীয় শটগান ব্যবহার করেছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাত ১২টার দিকে ১৩-১৪ জন সশস্ত্র ডাকাত শাখারিয়া গ্রামের ছত্তার হাওলাদারের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। পরে দেড় লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
এ সময় ঘরের লোকজনের ডাকচিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা তাঁদের ওপর হামলা করে ও গুলি ছোড়ে। এতে কুকুয়া ইউপির সদস্য জহির মাতুব্বর (৩৮) ও জাহাঙ্গীর হাওলাদার (৩৫) গুলিবিদ্ধ হন। রামদার কোপে প্রতিবেশী আজিজ হাওলাদার (৬০), মুদি দোকানদার অরুণ (৪০), বাচ্চু হাওলাদার (৩৪) ও রিপন হাওলাদার (৩২) গুরুতর জখম হন।