আমতলীতে দুই শিশু ধর্ষণের শিকার
বরগুনার আমতলী উপজেলার পৃথক স্থানে গত সোমবার আড়াই ঘণ্টার মধ্যে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি শিশুর বাবাকে ধারালো অস্ত্রের পোচ দিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে উপজেলার রায়বালা গ্রামের বখাটে হাসান (২৫), সবুজ (২৬) ও সাদ্দাম (২০) এক মেয়েশিশুকে (১০) ফুসলিয়ে একটি ঘরে নিয়ে যান। পরে হাসান তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে তাঁরা পালিয়ে যান। পরে শিশুটির বাবা এই বিষয়ে জানতে চাইলে হাসান তাঁকে ছেনি দিয়ে এলোপাতাড়ি পোচ দিয়ে জখম করেন।
গুরুতর অবস্থায় শিশুটির বাবাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটি একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা গতকাল মঙ্গলবার দুপুরে আমতলী হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল সকালে শিশুটির মা বাদী হয়ে হাসানসহ পাঁচজনকে আসামি করে আমতলী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হাসান, সবুজ ও হাসানের মা ফাতেমা এবং চাচি নাসিমাকে গ্রেপ্তার করে।
এদিকে সোমবার বেলা দেড়টার দিকে আমতলী উপজেলার টেপুড়া গ্রামের আরেক বখাটে হাসান (২১) আরেক শিশুকে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে হাসান পালিয়ে যান।
গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করতে না পারায় বিকেলে পটুয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইসমত আরা বলেন, শিশুটির যৌনাঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চেষ্টা করেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সোমবার রাতে আমতলী থানায় হাসানসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ (ওসি) পুলক রায় বলেন, দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।