আমতলীতে বাঁধ সংস্কারে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধ সংস্কারে অনিয়ম
বাঁধ সংস্কারে অনিয়ম

বরগুনার আমতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২৫ কিলোমিটার বাঁধ মেরামতকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, প্রাক্কলন অনুযায়ী বাঁধের উচ্চতা বৃদ্ধি না করে ঠিকাদারি প্রতিষ্ঠান যেনতেনভাবে কাজ করছে। 
প্রাক্কলন অনুযায়ী বাঁধের পাশ থেকে কৃষিজমির মাটি না কাটার শর্ত রয়েছে। তবে তা উপেক্ষা করে পাশের কৃষিজমি কেটে বড় বড় গর্ত করে বাঁধের জন্য মাটি তোলা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী, বাঁধের দুই পাশে যে উচ্চতার ঢাল (স্লপ) রাখার শর্ত আছে, তাও যথাযথভাবে করা হয়নি।
পাউবো সূত্র জানায়, বরগুনার আমতলী, তালতলী, বরগুনা সদর ও পটুয়াখালীর রাঙ্গাবালী—এই চার উপজেলায় ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত ১৪৬ কিলোমিটার বাঁধ মেরামত প্রকল্প হাতে নেয় পাউবো। বিশ্বব্যাংকের অর্থায়নে ‘ইসিআরআরপি’ প্রকল্পের আওতায় ২৩৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের অধীনে ১৪৬ কিলোমিটার বাঁধ মেরামত ছাড়াও ৪৩টি জলকপাট (স্লুইসগেট) মেরামত, ৪২টি বক্স কালভার্ট নির্মাণ, ১৭টি নতুন জলকপাট নির্মাণ ও ৮৬ কিলোমিটার নদীভাঙনকবলিত এলাকায় সিমেন্টের তৈরি ব্লক স্থাপনের কাজ হবে। দুই বছর মেয়াদি এই প্রকল্পের কাজ শুরু হয় গত সেপ্টেম্বরে। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মহিউদ্দীন ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেড (এমইবিএল) প্রকল্পের কাজ পায়। প্রকল্পের আওতায় আমতলীর ২৫ কিলোমিটার বাঁধ সংস্কারের কাজ চলছে।
প্রকল্প এলাকার লোকজনের অভিযোগ, আমতলী উপজেলায় ৪৩/১ পোল্ডারের ২৫ কিলোমিটার বাঁধের মেরামতের কাজ যেনতেনভাবে করা হচ্ছে। এই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেরা কাজ না করে সাব-ঠিকাদার নিয়োগ করে এসব কাজ করাচ্ছে। সাব-ঠিকাদারেরা কার্যাদেশ অনুযায়ী কাজ করছেন না।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সংস্কারাধীন এসব বাঁধে মাটি আনা হচ্ছে বাঁধ লাগোয়া কৃষিজমি কেটে। এতে বাঁধের পাশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে আশপাশের জমি ধসে পড়ছে। সেকান্দারখালী, সুবন্ধি, রাওঘা, কুলাইচর, তক্তাবুনিয়া, হলদিয়া ও সোনাউঠা এলাকা ঘুরে একই ধরনের চিত্র দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর বরগুনা কার্যালয়ের কয়েকজন প্রকৌশলী বলেন, প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী এসব বাঁধের উচ্চতা হওয়ার কথা ১০ থেকে ১২ ফুট। আর বাঁধের বাইরের পাশের (রিভার সাইড) ঢাল ৩০ এবং ভেতরের (কান্ট্রি সাইড) ঢালের উচ্চতা হওয়ার কথা ২০ ফুট। তবে এলাকার লোকজন বলছেন, যেভাবে কাজ করা হয়েছে, তাতে এসব বাঁধের উচ্চতা আট-নয় ফুটের বেশি হবে না। এ ছাড়া বাইরের পাশের ঢালের উচ্চতা ২০ থেকে ২২ এবং ভেতর দিকের উচ্চতা ১৮ থেকে ১৯ ফুটের বেশি নয়। এ ছাড়া বাঁধের দুই পাশে কোনো খালি জায়গাও (বার্ম) রাখা হয়নি। বাঁধের ওপরের অংশের মাটি ঘনভাবে বিন্যাস করে ঘাস লাগানোর শর্ত থাকলেও তা করা হয়েছে দায়সারাভাবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এমইবিএলের প্রকল্প ব্যবস্থাপক মো. নুরুজ্জামান বলেন, ‘আমাদের সাব-ঠিকাদারেরা কার্যাদেশ অনুযায়ীই কাজ করছেন। কোথাও কোনো অনিয়ম হচ্ছে না। আমরা সার্বক্ষণিক কাজ তদারক করছি।’
বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘কৃষিজমি কাটার বিষয়টি আমার জানা নেই। বাঁধের মেরামতকাজ অব্যাহত আছে। তাই উচ্চতা ও ঢালের ক্ষেত্রে অনিয়ম হলে আমরা কাজ বুঝে নেওয়ার সময় প্রাক্কলন অনুযায়ী পরিমাপ করে নেব।’