বরগুনার আমতলীতে নকলে সহযোগিতার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং এক বছর তাঁদের সব ধরনের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ করেছে বরিশাল শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি। দলটি গতকাল সোমবার বিকেলে তাদের তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
একই সঙ্গে আমতলীর পরীক্ষাকেন্দ্র সাময়িক স্থগিত করা হয়েছে। ১৪ মে থেকে এ কেন্দ্রের সব পরীক্ষা পটুয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে আজ মঙ্গলবারের পরীক্ষা যথারীতি আমতলী কেন্দ্রেই হবে।
তদন্ত দলের সদস্য ও বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন জানান, গত রোববার (১০ মে) শিক্ষা বোর্ডের তিন সদস্যের তদন্ত দল আমতলী এসে বিষয়টি তদন্ত করে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল শিক্ষা বোর্ডের এক সভায় আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রের পরীক্ষা পটুয়াখালীর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।
গত শনিবার ‘শিক্ষকদের সহযোগিতায় নকল’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই দিনই মন্ত্রীর নির্দেশে বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। একই সঙ্গে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক শিক্ষা বোর্ডের সচিব আবদুল মোতালেব হাওলাদারকে আহ্বায়ক এবং বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন ও বিদ্যালয় পরিদর্শক আবুল বশার তালুকদারকে সদস্য করে তিন সদস্যের অপর একটি কমিটি গঠন করেন। এ কমিটির সদস্যরা রোববার আমতলী যান। তবে জেলা প্রশাসকের তদন্ত দল এখনো ঘটনাস্থলে যায়নি।
শিক্ষা বোর্ড গঠিত কমিটির সদস্য লিয়াকত হোসেন বলেন, আমতলী গিয়ে তাঁরা দুটি কলেজের শিক্ষক ও পত্রিকায় প্রকাশিত অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও পৃথকভাবে কথা বলেন। পত্রিকায় প্রকাশিত শিক্ষকদের নকলে সহযোগিতার প্রমাণ পাওয়া গেছে।
এইচএসসি পরীক্ষায় আমতলী উপজেলার পাঁচটি কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী আমতলী ডিগ্রি কলেজ ও বকুল নেছা মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের ভালো ফল করানোর জন্য পাঁচটি কলেজের শিক্ষকেরা নিজেদের মধ্যে প্রশ্নপত্র ফাঁস করে বাইরে থেকে উত্তর লিখে পরীক্ষার্থীদের সরবরাহের বিষয়ে একটি অলিখিত সমঝোতা করেন। সে অনুযায়ী প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সংশ্লিষ্ট বিষয়ের নৈর্ব্যক্তিক ও রচনামূলক প্রশ্নপত্র মুঠোফোনে ছবি তুলে একজন শিক্ষক বাইরে নিয়ে যান। পরে ওই বিষয়ের একটি শিক্ষক প্যানেল প্রশ্নের সঠিক উত্তর লিখে পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের তা সরবরাহ করে। ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এভাবে পরীক্ষা চলে আসছিল।