আমদানি করা অস্ত্র পুরোনো বলে জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার কার্গো থেকে গতকাল রোববার আমদানি করা দুটি পিস্তল জব্দের কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দারা। ওই চালানের সব পিস্তল পুরোনো ও অকার্যকর বলে দাবি করছে শুল্ক গোয়েন্দারা। তবে আমদানিকারকের দাবি, এত দিন তাঁরা যেসব পিস্তল এনেছেন, তার কোনোটিই পুরোনো নয়, এগুলোও পুরোনো হওয়ার কথা নয়।

আমদানি নীতিতে পুরোনো অস্ত্র আমদানি নিষিদ্ধ। এর আমদানিকারক বায়তুল মোকাররম মার্কেটের ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, শুল্ক গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, ইতালি থেকে আসা অস্ত্রের চালানটিতে পুরোনো ও ব্যবহৃত অস্ত্র রয়েছে। এটি সুকৌশলে খালাস করা হবে। এই সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এয়ার কার্গো ইউনিটের ১ নম্বর স্ট্রং রুমে রাখা আগ্নেয়াস্ত্রগুলো পরীক্ষা করে দুটি ওয়ালথার পিপি পিস্তল আটক করা হয়। চালানটি ইতালি থেকে এসেছে। আমদানিকারকের ঘোষণা অনুযায়ী, চালানের অস্ত্রগুলো নতুন হিসেবে আমদানি করা হলেও শুল্ক গোয়েন্দাদের পুনঃপরীক্ষায় এগুলো ব্যবহৃত ও অকার্যকর বলে প্রমাণিত হয়। এই চালানে আরও ৫৬টি অস্ত্র রয়েছে, যা খালাসের অপেক্ষায় আছে। আগামীকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে বাকি অস্ত্র পরীক্ষা করা হবে বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন।

 আমদানিকারক ইমরান আর্মস কোম্পানির মালিক ইমরান আহম্মেদ প্রথম আলোকে বলেন, তাঁরা ইন্টারনেটে ছবি দেখে অস্ত্র বাছাই করেন, এরপর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে কোম্পানি ঢাকায় অস্ত্রগুলো পাঠিয়ে দেয়। এভাবেই কয়েক বছর ধরে তিনি ব্যবসা করে আসছেন। কোনো কোম্পানিই কখনো নতুন বলে পুরোনো অস্ত্রের চালান পাঠায়নি। এবারও এমনটি হওয়ার কথা নয়। তিনি বলেন, ‘তবে সরকারি কর্মকর্তারা যেহেতু এই অভিযোগ তুলেছেন, তাঁদের প্রতি আমার সম্মান ও আস্থা আছে। তাঁরা যেভাবে বলবেন, আমি সেভাবেই করব। তবে আমার সব কাগজপত্রই ঠিক আছে। কারণ বৈধ সব কাগজপত্র ছাড়া ইউরোপের একটা দেশ থেকে অস্ত্রের চালান নিয়ে আসা খুবই কঠিন। ইউরোপে বিভিন্ন রকম কাগজপত্র দেখে, যাচাইয়ের পরেই তারা অস্ত্রের চালান আনার অনুমতি দেয়।’ তিনি বলেন, ‘সুকৌশলে খালাসের যে কথা বলা হয়েছে, সেটি শুনে মর্মাহত হয়েছি। ’

শুল্ক কর্মকর্তারা জানান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কাস্টমস নেটওয়ার্কগুলোর মধ্যে ৩ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩৩ দিনব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালিত হয়েছে।