আমদানি নিষিদ্ধ ওষুধ-নকল আইসক্রিম, দুই দোকান সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ, গরু মোটাতাজাকরণ ওষুধ, ভায়াগ্রা ইত্যাদি ওষুধ রাখার দায়ে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সৎসংঘ স্টেডিয়াম পাড়ায় ‘নীল ড্রাগ হাউজ’ নামের একটি ওষুধের দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পোলার আইসক্রিমের লোগো ব্যবহার করে নকল আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রেশকো আইসক্রিম ফ্যাক্টরি নামের ওই কারখানাটি বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় অবস্থিত। 

আজ শনিবার এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন। বাকলিয়া থানা-পুলিশ অভিযানে সহায়তা করে।
নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন বলেন, নীল ড্রাগ হাউজে অভিযান শুরুর সময়ই দোকানটির মালিক পালিয়ে যান। দোকানে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ওষুধ পাওয়া গেছে। এগুলোর মধ্যে অনেকগুলো ছিল গরু মোটাতাজাকরণ ওষুধ। দোকানটির মালিক এলাকায় চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি স্বাস্থ্য ভালো করার ওষুধ হিসেবে এগুলো রোগীদের খেতে দিতেন। অভিযানের সময় মালিককে পাওয়া না যাওয়া জরিমানা করা যায়নি, তবে দোকান সিলগালা করা হয়েছে।
নির্বাহী হাকিম আরও জানান, পোলার আইসক্রিমের লোগো ব্যবহার করে ফ্রেশকো আইসক্রিম ফ্যাক্টরি নামের একটি কারখানায় নকল আইসক্রিম তৈরি হতো। এসব আইসক্রিম তৈরিতে ব্যবহার হতো নিম্নমানের পণ্য। এই কারখানায় অভিযান চালানোর সময়ও মালিকপক্ষ পালিয়ে যায়। কারখানাটি সিলগালা করা হয়েছে।