আমদানি নিষিদ্ধ বিপুল ওষুধ ও প্রসাধনী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় অভিযান চালিয়ে গতকাল বুধবার ১৬০ কেজি আমদানি নিষিদ্ধ ওষুধ ও ৪০ ট্রাক অবৈধ প্রসাধনী উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। এসব ওষুধ ও প্রসাধনীর মূল্য প্রায় ৪১ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো আমদানি শাখায় থাকা এ ওষুধ জব্দ করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নামে থাই এয়ারের একটি ফ্লাইটে ১৬০ কেজি ওজনের ওষুধের এই চালান আসে। কিন্তু এ পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই চালান নিতে আসেনি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গতকাল সকালে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, এসব ওষুধ আমদানির ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। আমদানি করা ওষুধের মধ্যে রয়েছে হৃদ্রোগ ও কোলস্টেরল নিয়ন্ত্রণের।
শুল্ক গোয়েন্দাদের আরেকটি দল গতকাল ডেমরার শিমরাইলে মুন স্টার লিমিটেড নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ৪০ ট্রাক প্রসাধনী উদ্ধার করে। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে র্যা ব-১০-এর একটি দল সহায়তা করে। উদ্ধার হওয়া প্রসাধনীর মধ্যে বিশ্বের নামকরা কোম্পানির পণ্য রয়েছে। অভিযানের খবর টের পেয়ে আগেই কারখানার মালিক মো. বিল্লাল হোসেন পালিয়ে গেছেন।
অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, কারখানার পক্ষ থেকে প্রসাধনী আমদানির কাগজপত্র দেখাতে পারেনি। এর মধ্যে বেশির ভাগই আবার মেয়াদোত্তীর্ণ, যা ব্যবহার করলে চর্ম ক্যানসারের মতো রোগ হতে পারে।