আমদানি পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৬
চট্টগ্রাম বন্দর থেকে আমদানি করা পণ্য গন্তব্যে নিয়ে যাওয়ার সময় চুরি করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলম সওদাগর, ইউসুফ আলী, অজিউর রহমান, মো. বিল্লাল, ইউসুফ খান ও হামিদুল ইসলাম ওরফে লাবু। গত সোমবার থেকে গতকাল বুধবার ভোররাত পর্যন্ত যশোর, গাজীপুর ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বন্দর থানার পুলিশ।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গাজীপুরের জয়দেবপুরের এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের জন্য চীন থেকে ৪ হাজার ৫০০ মিটার তার আমদানি করা হয়, যার মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা। চট্টগ্রাম বন্দর থেকে এসব পণ্য খালাস করে পাঁচটি ট্রাকে করে গত ১৭ জুন জয়দেবপুরের উদ্দেশে পাঠানো হয়। ওই পাঁচটি ট্রাকের মধ্যে একটি ছিল গ্রেপ্তার হওয়া ইউসুফ আলীর। ১৯ জুন ট্রাকগুলো জয়দেবপুরে পৌঁছায়। পরে দেখা যায় সেখানে ৯৪২ মিটার তার কম, যার মূল্য ৬০ লাখ টাকা। ২৫ জুন তার আত্মসাতের অভিযোগে এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে নগরের বন্দর থানায় মামলা করা হয়। পরে পুলিশ তদন্তে নেমে এ চোর চক্রের সন্ধান পায়। যশোর ও গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। আলম সওদাগরকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের পাহাড়তলী থেকে। পরে তাঁর বাসা থেকে চোরাই মালামাল বিক্রির সাত লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ট্রাকের চালক ও মালিক ইউসুফ আলী পুলিশের কাছে স্বীকার করেছেন যে আলম সওদাগরের নির্দেশে তারগুলো গাজীপুরের কোনাবাড়ী ডিপোতে নেওয়া হয়। সেখান থেকে কিছু তার নিয়ে যায় আলম সওদাগরের লোকজন।
পুলিশের দাবি, কিছু ট্রাক-কাভার্ডভ্যান ও লরির চালক এবং চালকের সহকারী ও মালিক মিলে আমদানি করা পণ্য চুরির চক্র গড়ে তুলেছেন। এসআই কামরুজ্জামান বলেন, চোর চক্রের সদস্যরা বন্দর থেকে গন্তব্যে মালামাল নেওয়ার সময় সুবিধাজনক স্থানে চুরি করেন। চট্টগ্রামের সিটি গেট, কুমিল্লা, ফেনী, লাকসাম এলাকায় তাঁরা চুরি করে থাকেন। অনেক সময় নিজেরা মালামাল চুরি করে ডাকাতি ও ছিনতাই হয়েছে বলেও অভিযোগ করে থাকেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তিতে চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের নামও বেরিয়ে এসেছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে।