আমদানিনিষিদ্ধ ওষুধ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔষধ প্রশাসন অধিদপ্তর রাজধানীর পুরানা পল্টনের একটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে। তবে উদ্ধার অভিযানের তিন দিন পরও ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
গতকাল রোববার অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার আমরা একটা বড় মিটিংয়ে বসেছিলাম। হঠাৎ একটা ইনফরমেশন পেয়ে আমি আমার দল পাঠাই। অভিযানে এস কে এন্টারপ্রাইজের গুদাম থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।’ তিনি বলেন, তাড়াহুড়ো করে অভিযান পরিচালনা করায় তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ম্যাজিস্ট্রেট ডাকতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে থাকলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত।
জব্দ করা ওষুধের মধ্যে আছে ক্যানসারের ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট। এগুলো হচ্ছে: স্পেনের এমিক্যাপ ক্যাপসুল ও কোলাইসিন ইনজেকশন, আর্জেন্টিনার ভেরিজেস্ট্রল, বিউগাম ও ক্যাপসুল হাইড্রোক্সি ইউরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের গস্নুটাশিওর, স্যালাইন রিলিভ এনেমা ও চার ধরনের ফুড সাপ্লিমেন্ট, ভারতের পাউডার হেপাপ্রো। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএলের মাধ্যমে ওষুধগুলো দেশে এনেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরে।
অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চান সাংবাদিকেরা। উত্তরে মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক বলেন, আইনে অধিদপ্তরকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়নি। তবে অধিদপ্তর ড্রাগ কোর্টে মামলা করবে। দু-এক দিন পর মামলা করলে ‘মহাভারত অশুদ্ধ’ হবে না বলে মন্তব্য করেন তিনি। আবার অধিদপ্তরের অন্য কর্মকর্তারা বলেছেন, এস কে এন্টারপ্রাইজকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব ওষুধ বাংলাদেশে তৈরি হয়, সেগুলোর আমদানি নিষিদ্ধ।
অন্য প্রশ্নের উত্তরে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪১টি মামলা দায়ের করেছে অধিদপ্তর। এর একটিরও নিষ্পত্তি হয়নি। প্যারাসিটামল সিরাপে শিশুমৃত্যুর ঘটনায় ১৯৯১ সালে যে মামলা হয়েছিল, তার নিষ্পত্তি হতে সময় লেগেছে ২৩ বছর।
ফুড সাপ্লিমেন্ট: অধিদপ্তরের মহাপরিচালক পরামর্শপত্রে ফুড সাপ্লিমেন্টের নাম না লেখার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশে ফুড সাপ্লিমেন্টের কোনো অনুমোদন নেই। তার পরও চিকিৎসকেরা রোগীদের দিয়ে ফুড সাপ্লিমেন্ট কেনাচ্ছেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছে অধিদপ্তর। তবু কাজ হচ্ছে না।