আমবাগান থেকে ৩০টি ককটেল উদ্ধার, আটক ৪৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়ার একটি আমবাগান থেকে আজ বৃহস্পতিবার সকালে ৩০টি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জেলার পাঁচ উপজেলা থেকে ৪৬ জনকে আটক করা হয়েছে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার কামরুজ্জামানের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে ভোর সাড়ে ছয়টার দিকে র্যাবের একটি দল লালাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো জামায়াত-শিবিরের কর্মীরা হরতালে সহিংসতার জন্য মজুত করেছিলেন বলে জানান তিনি। পরে ককটেলগুলো সদর থানায় জমা দেওয়া হয়।
গতকাল বুধবার রাতে পুলিশের অভিযানে জেলার পাঁচ উপজেলা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০ জন জামায়াত-শিবিরের কর্মী রয়েছেন বলে জানায় জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ।