আমানত ফেরতে পেতে ঘুরছেন সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছে চট্টগ্রামের একটি সমবায় সমিতি। এরপর সেই টাকা দিয়ে ব্যক্তির নামে কেনা হয়েছে জমি। কিন্তু কথামতো এখন আর সদস্যদের আমানত ফেরত দিচ্ছে না সমিতিটি। এই অবস্থায় টাকা ফেরত পেতে কখনো সমিতি, কখনো বা জেলা সমবায় দপ্তরের কার্যালয়ে ঘুরছেন শঙ্কিত সদস্যরা।
সমিতির সদস্য ও সরেজমিন ঘুরে জানা যায়, অভিযোগ ওঠা প্রতিষ্ঠানটি হলো ‘রাইজিং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’। চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে এর প্রধান কার্যালয়। ব্যাংকের চেয়ে প্রায় দ্বিগুণ হারে (২৭ শতাংশ) সুদ দেওয়ার কথা বলে ২০০৬ সাল থেকে আমানত সংগ্রহ শুরু করে প্রতিষ্ঠানটি। যদিও সমবায় আইনে ব্যাংকের চেয়ে সুদ বেশি দেওয়ার নিয়ম নেই। এ ছাড়া সমবায় সমিতির কোনো শাখা খোলার অনুমতি না থাকলেও সাগরিকা ও বন্দরটিলা এলাকায় প্রতিষ্ঠানটির রয়েছে দুটি শাখা।
সমিতির সদস্যদের মধ্যে বৌদ্ধভিক্ষু থেকে শুরু করে গৃহকর্মীও রয়েছেন। স্থায়ী আমানত হিসেবে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত সংগ্রহ করা হয়। তিনটি শাখা মিলে এর সদস্যসংখ্যা পাঁচ শতাধিক। তবে তাঁদের অনেকের আমানতই জেলা সমবায় সমিতির দপ্তরে দাখিল করা হিসাবে দেখানো হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানা সমবায় কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম বলেন, ওই প্রতিষ্ঠান সমিতির নামে সদস্যদের কাছ থেকে আমানত সংগ্রহ করে তা দিয়ে ব্যক্তির নামে জায়গা কিনে আবাসন ব্যবসা শুরু করেছে। সদস্যদের সঙ্গে শুরু করেছে প্রতারণা। সব আমানতও হিসাবভুক্ত করেনি তারা। কোনো শাখা খোলার ব্যবস্থা না থাকলেও দুটি শাখা খুলেছে। এখন গ্রাহকেরা টাকার জন্য হন্যে হয়ে ঘুরছেন। প্রতিষ্ঠানটিকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সরোজ কুমার বড়ুয়া। বিপ্লব বড়ুয়া, সুমীর বড়ুয়াসহ আরও কয়েকজন এটির পরিচালনার সঙ্গে যুক্ত। সম্প্রতি গ্রাহকদের টাকায় ব্যক্তিগত নামে জমি কিনে তাঁরা আবাসন ব্যবসায় নেমেছেন বলে অভিযোগ গ্রাহকদের কেউ কেউ। নগরের শেরশাহ ও বন্দরটিলা এলাকায় এই জমি কিনে অরনা ডেভেলপার অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেড নাম দিয়ে আবাসন ব্যবসা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
নাজমুল হুদা নামে এক গ্রাহক বলেন, ‘দুই বছর আগে ১০ হাজার টাকা জমা দিয়েছি। এক বছর পর চার হাজার টাকা সুদসহ ফেরত দেওয়ার কথা। কিন্তু এখনো দেয়নি। আজ দেবে, কাল দেবে করে দিচ্ছে না।’
আশুতোষ বড়ুয়া নামে আরেক গ্রাহক ২০১১ সালে জমা রাখেন তিন লাখ টাকা। এক বছর পর সুদ ও আসল দেওয়ার কথা থাকলেও তা এখনো দেওয়া হয়নি। তাঁর মতোই গ্রাহক জ্ঞাননন্দ ভিক্ষু এক লাখ টাকা, ধর্মানন্দ ভিক্ষু চার লাখ টাকা জমা রেখে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
এদিকে সাগরিকা ও বন্দরটিলা এলাকায় ওই প্রতিষ্ঠানের কার্যালয় বর্তমানে বন্ধ রয়েছে। বহদ্দারহাট শাখাটি খোলা থাকলেও পরিচালকদের কেউ বসেন না। সেখানে প্রতিদিনই গ্রাহকেরা ধরনা দিচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমিতির চেয়ারম্যান সরোজ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘নগদ অর্থের ঘাটতির কারণে আমরা গ্রাহকদের টাকা দিতে পারছি না। লভ্যাংশ একটু বেশি দিয়ে ফেলেছি আমরা। এ ছাড়া কিছু জায়গাও কেনা হয়েছে। আর একটি ডেভেলপার প্রতিষ্ঠান গড়েছি। সে কারণে সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি টাকা দিয়ে ফেলতে। বিলম্ব হচ্ছে দেখে গ্রাহকদের মধ্যে ভীতি ঢুকে গেছে।’