আমানতের টাকা না পেয়ে কয়েক শ গ্রাহক বগুড়ার সান্তাহারে আপ্রকাশি মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের একটি প্রতিষ্ঠানের ঋণদান কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির মালিকের বাবার একটি রেস্তোরাঁতেও তালা ঝুলিয়ে দিয়েছেন তাঁরা। গতকাল বুধবার দুপুরে শহরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে।
গ্রাহক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৩ সালে উপজেলার সান্তাহার শহরে আপ্রকাশি মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের ওই ঋণদান কার্যালয় খোলেন এস এম জুয়েল। পাশাপাশি গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ শুরু করেন। এক লাখ টাকা জমা রাখলে মাসে গ্রাহকদের দুই হাজার টাকা করে মুনাফা দিতেন। বেশি মুনাফার আশায় কয়েক বছরে গ্রাহকের সংখ্যা প্রায় আড়াই হাজারে পৌঁছায়। ইতিমধ্যে গ্রাহকদের আমানত বাবদ প্রায় ৫০ কোটি টাকা জমা হয়। গত জানুয়ারি মাস থেকে প্রতিষ্ঠানটি মুনাফার টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় মুনাফার টাকাসহ মূল টাকা ফেরত চান গ্রাহকেরা।
একপর্যায়ে প্রতিষ্ঠানটির মালিক এস এম জুয়েল জুলাইয়ে গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে বলে ওই কার্যালয়ে নোটিশ টাঙিয়ে দেন। এরপরও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল দুপুরে কয়েক শ গ্রাহক সান্তাহার শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে ওই কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা কার্যালয় থেকে টেলিভিশন, সোফা ও বৈদ্যুতিক পাখা নিয়ে যান এবং বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এ ছাড়া তাঁরা একই এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির মালিকের বাবার রেস্তোরাঁয় তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণ করে।
জয়দেব চক্রবর্তী নামের একজন গ্রাহক বলেন, তাঁর ৪ লাখ ২৬ হাজার টাকা জমা রয়েছে। দিনের পর দিন ঘুরেও কোনো টাকা ফেরত পাচ্ছেন না।
সান্তাহার পৌরসভার সাবেক মেয়র গোলাম মোরশেদ বলেন, তিনিসহ তাঁর তিন ভাই ওই প্রতিষ্ঠানে কয়েক লাখ টাকা রেখেছেন। কিন্তু কাউকে টাকা দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য আপ্রকাশির মালিক এস এম জুয়েলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিদ্ধার্থ সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।