আমানুল্লাহ কবীর হাসপাতালে
সাংবাদিক নেতা আমানুল্লাহ কবীর অসুস্থ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আমানুল্লাহ কবীরের বড় ছেলে শাত-ইল-কবীর বলেন, বিকেল পাঁচটার দিকে তাঁর বাবা বুকে ব্যথা অনুভব করেন। তখনই তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে জরুরি ভিত্তিতে সিসিইউতে নেন। তাঁর হৃদ্যন্ত্রের নিচের অংশে সমস্যা আছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক এস টি এম আবু আজম রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, আমানুল্লাহ কবীরকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর রক্তচাপ দ্রুত কমছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর রক্তচাপও স্বাভাবিক হয়ে আসছে।
আমানুল্লাহ কবীর বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
প্রবীণ এই সাংবাদিক নেতার আশু রোগমুক্তি কামনা করে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আসরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।