আয়ুর্বেদিক ওষুধের কারখানায় তৈরি হয় ভেজাল অ্যান্টিবায়োটিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ুর্বেদিক ওষুধের কারখানায় নকল অ্যান্টিবায়োটিক তৈরির অভিযোগে রাজধানীর মিরপুরের পলাশনগরে সেড ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানা সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির মালিক সঞ্জয় বাড়ৈ এবং এর উৎপাদন ব্যবস্থাপক মো. কাউসারকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারখানার তিনজন কর্মীকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
গতকাল সোমবার সকালে র‌্যাব-২-এর সদস্যদের নিয়ে এই অভিযান চালান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা।
ওই কারখানায় গিয়ে দেখা যায় নোংরা পরিবেশ। ছড়িয়ে-ছিটিয়ে ছোট ছোট স্তূপ করে রাখা হয়েছে বহুল ব্যবহৃত ‘অ্যাজিথ্রোমাইসিন’ জাতীয় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। একটি বড় কোম্পানির নামে তৈরি নকট ট্যাবলেটের মোড়ক, প্রস্তুতকারক আসল প্রতিষ্ঠানের খোদাই করা ছাপসহ অন্যান্য উপকরণ পড়ে রয়েছে।
ম্যাজিস্ট্রেট বলেন, দুই বছর ধরে আয়ুর্বেদিক ওষুধের পাশাপাশি নকল অ্যালোপ্যাথি ওষুধ তৈরির কথা স্বীকার করেছেন কারখানার মালিক সঞ্জয় বাড়ৈ। উৎপাদন ব্যবস্থাপক কাওছার জানান, নকল তিন লাখ পিস এ ওষুধ এরই মধ্যে বাজারে ছাড়া হয়েছে।