আর কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় চার খুনের ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে গ্রেপ্তার করা দুজনের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ডিবি বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আরও চার-পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ওরফে গামাই ছিলেন হত্যাকারীদের লক্ষ্য। অন্য তিনজন পরিস্থিতির শিকার। ঝুট ব্যবসা, কোরবানির পশুর হাট ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে আলোচনার সময় অস্ত্রধারীরা এসে চারজনকে গুলি করে। তাঁদের মধ্যে দুজনকে ওই রাতেই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁরা হলেন ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন মোল্লা (৫৩) ও উত্তর বাড্ডার একটি হাসপাতালের সাবেক কর্মকর্তা ফিরোজ আহমেদ ওরফে মানিক (৪০)। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ওরফে গামা। সর্বশেষ রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিকশা গ্যারেজের মালিক ও ওয়ার্ড যুবলীগ নেতা আবদুস সালাম (৫৫)।
এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুরের বাবা মতিউর রহমান ১৪ আগস্ট বাড্ডা থানায় ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। এখন পর্যন্ত এই মামলায় দুজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন বাড্ডা থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. ফারুক ওরফে মিলন (৪০) ও দলের কর্মী নূর মোহাম্মদ (৩০)। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ কয়েক দিন আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০ আগস্ট গাজীপুরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাড্ডার সাইদুর রহমান (৩০) নিহত হন। তখন ডিবি বলেছিল, নিহত সাইদুর বাড্ডায় হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন। ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম গতকাল সোমবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাড্ডার চার খুনের সঙ্গে নিহত সাইদুরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে আবদুস সালামের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সালামের স্ত্রী পেয়ারা বেগম মর্গের সামনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পর্যন্ত এই ১১ দিনে যুবলীগ বা আওয়ামী লীগের কেউ তাঁদের কোনো খোঁজ নেননি।
পেয়ারা বেগম বলেন, সালাম বাড্ডার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তিনি রিকশা গ্যারেজের ব্যবসা করে চলতেন। নেতাদের সঙ্গে টেন্ডার বা অন্য বিষয়ে তাঁর তেমন যোগাযোগ ছিল না। শোক দিবসের অনুষ্ঠানে খাবারের আয়োজন করার জন্য তাঁকে ডাকা হয়েছিল। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুরকে মারতে এসে সন্ত্রাসীরা চারজনকে মেরেছে।
ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, নূর মোহাম্মদ হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই দুজন ছাড়া আরও চার-পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।