নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর কাজিনগর গ্রামে তিন ভাইকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, তাঁরা হামলার শিকার হতে পারেন। এ কারণে তাঁরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
গত রোববার কাজিনগর গ্রামে প্রীতি ফুটবল খেলায় বাগ্বিতণ্ডার জের ধরে গ্রামের মোকছুদ উল্লার ছেলে মো. হারুনুর রশিদ (৪০), কামাল হোসেন (৩২) ও আমির হোসেন ওরফে বাবলুকে (২৬) পিটিয়ে, কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের ভাই মোরশেদ আলম থানায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় সেদিন রাতে আটক ফাতেমা বেগম নামের এক নারীকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদী মোরশেদ আলম বলেন, ‘পুলিশের কাছে নানা প্রযুক্তি আছে। তারা ইচ্ছা করলে প্রযুক্তি ব্যবহার করে এত দিনে আসামিদের কাউকে না কাউকে গ্রেপ্তার করতে পারত।’
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ প্রথম আলোকে বলেন, আসামিদের ধরতে পুলিশের একাধিক দল জেলার বাইরে অবস্থান করছে। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এদিকে মামলার বাদী মোরশেদ আলম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুরে তিনি মাদ্রাসায় ভর্তির কাজে চট্টগ্রামে যান। সেখান থেকে ফিরেছেন বুধবার রাতে। কিন্তু এ মুহূর্তে এলাকায় থাকা নিরাপদ মনে করছেন না তিনি। তাই অন্য উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি।
মোরশেদের আরেক ভাই আবুল কাশেম ওরফে সুমন বলেন, তাঁরা আতঙ্কের মধ্যে আছেন। এ কারণে তিনি ভয়ে বাড়ির বাইরে যাচ্ছেন না।