আর নূর আলমের ফোন পাবেন না তাহমিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কথা ছিল, গাড়ি নিয়ে বের হলে ফোন দিয়ে জানাবে। কিন্তু ঘরের ফোন নষ্ট থাকায় তাও জানাতে পারেনি। শেষ কথাটি বলার আগেই সে দুনিয়া থেকে চলে গেল। আর তার ফোন আসবে না।’
গত শুক্রবার রাতে লক্ষ্মীপুরের কাছারিবাড়ি এলাকায় পেট্রলবোমা হামলায় নিহত বাসচালক নূর আলম ওরফে সুমনের স্ত্রী তাহমিনা আক্তার মিনুর কথা এগুলো।
গতকাল শনিবার সন্ধ্যার আগে নূর আলমের লাশ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় তাঁর স্ত্রী তাহমিনা, বাবা চান মিয়া, মা সেতারা বেগমসহ ভাইবোনদের বুকফাটা আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় পাড়া-প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি।
তাহমিনা প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত আটটার দিকে সাত বছরের ছেলে এমাম হোসেনকে নিয়ে রাতের খাবার খেয়ে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে বের হন তাঁর স্বামী নূর আলম। খাওয়ার পর ছেলেকে আদর করেন। এ সময় তিন বছরের মেয়ে তানজিনা আক্তার নানার বাড়ি থাকায় নূর আলমের মন কিছুটা খারাপ ছিল।
তাহমিনা জানান, বাসা থেকে বের হওয়ার আগে স্বামী তাঁকে বলেছেন, বাস নিয়ে চট্টগ্রামের উদ্দেশে বের হবেন। রওনা হওয়ার আগে তাঁকে ফোন দিয়ে জানাবেন। কিন্তু তাঁর ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় আর ফোন পাননি।
তাহমিনা জানান, রাতে হঠাৎ তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় বাসার বাইরে লোকজনের শোরগোল শুনতে পান। বাসা থেকে বের হতেই পাশের বাসার হারুন ড্রাইভারের স্ত্রী তাঁর (তাহমিনা) স্বামী (নূর আলম) কোথায় জানতে চান। এ সময় গাড়িতে পেট্রলবোমা হামলা নিয়ে কানাঘুষা শুনতে পান তিনি। এরপর তিনি দৌড়ে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের সামনে গিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে স্বামী নূর আলমকে দেখতে পান। এরপর অ্যাম্বুলেন্সে করে স্বামীকে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথেই তিনি তাঁকে ছেড়ে চলে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর স্বামীকে মৃত ঘোষণা করেন।
তাহমিনা বলেন, ‘আমার স্বামীর তো কোনো অপরাধ ছিল না। সে তো রুটিরুজির জন্য বেরিয়েছিল। আমি এখন সন্তানদের নিয়ে কার কাছে গিয়ে দাঁড়াব।’ তিনি স্বামীর খুনিদের বিচার এবং তাঁর দুই সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
সেতারা বেগম ও চান মিয়া জানান, তাঁদের পাঁচ ছেলে ও তিন মেয়ে। নূর আলম ছিলেন ছেলেদের মধ্যে দ্বিতীয়। তাঁর আয়েই পুরো সংসার চলত।
নূর আলমের বোন তানজিলা আক্তার লিপি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দুই নেত্রীর রাজনীতির জন্য কেন নিরীহ জনগণ বোমার আগুনে পুড়ে মরবে?’
সন্ধ্যা সাতটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নূর আলমের লাশ দাফন করা হয়।