আরএনবির ওপর হামলা, গুলিতে পাথরশ্রমিক নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাশে রেলওয়ের রজ্জুপথের (রোপওয়ে) সংরক্ষিত এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গুলিতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পাথর লুটপাটকারীরা এনআরবির ওপর হামলা চালালে আরএনবি গুলি ছোড়ে। এতে জহুর আহমদ (৪০) নামে ওই ব্যক্তি নিহত হন।
পুলিশ ও আরএনবি সূত্র জানায়, পেশায় পাথরশ্রমিক জহুর আহমদ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ফয়জুল ইসলামের ছেলে। তিনি ভোলাগঞ্জের গুচ্ছগ্রামে বসবাস করতেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক এ কে এম আজাদ জানান, জহুরের দুই পায়ে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে রেলওয়ে রজ্জুপথের সংরক্ষিত এলাকা থেকে একদল লোক পাথর উত্তোলন করতে গেলে আরএনবি বাধা দেয়। এ সময় তাঁরা পাথর দিয়ে ঢিল ছোড়া শুরু করলে আরএনবির সদস্যরা গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন জহুর। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর চারটার দিকে তিনি মারা যান। গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরএনবির একজন সদস্য জানান, রাতের পালায় আটজন করে পাহারা দেওয়া হয়। সম্প্রতি রজ্জুপথের সংরক্ষিত এলাকার পাশে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন চলায় আরএনবি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে রাতের পালায় দুটি দল নিয়োগ করে।
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উত্তর-পূর্ব দিক থেকে পাথর লুটকারী ১০-১২ জনের একটি দল হানা দেয়। আরএনবি বাতি জ্বালিয়ে তাদের তৎপরতায় বাধা দেয়। এ সময় আরএনবির ওপর পাথর ছুড়ে আক্রমণ শুরু করলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়।
রজ্জুপথ রেলওয়ের নিজস্ব নিরাপত্তাব্যবস্থায় নেওয়ার পর আরএনবির হাতে হতাহতের ঘটনা এটি প্রথম। এর আগে অবশ্য পাথর লুটকারীদের হামলায় আরএনবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান আহত হয়েছিলেন।