আরএসও নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদী তৎপরতা চালানোর অভিযোগে মিয়ানমারের রোহিঙ্গাদের সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাই-জেশনের (আরএসও) নেতা হাফেজ ছালাহুল ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে টেকনাফ থানায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। এতে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করেছিলেন তাঁরা।
গত শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে আরএসও নেতা হাফেজ ছালাহুল ইসলাম, সৌদি নাগরিক আবু ছালেহ আহম্মদ আল গাদ্দানি, টাঙ্গাইলের মোহাম্মদ ইব্রাহিম ও টেকনাফের বাহারছড়ার ছৈয়দ করিমকে আটক করে বিজিবি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, বাহারছড়া থেকে বিজিবি যে চারজনকে আটক করেছে, তাঁদের মধ্যে তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। সৌদি নাগরিককে থানায় হস্তান্তর করা হয়নি। তিনি বিজিবির হেফাজতে আছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গত রোববার রাত পৌনে ১২টায় বিজিবির একজন হাবিলদার এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেন। আট আসামি পলাতক রয়েছেন। মামলাটি তদন্ত করছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।
মামলার বাকি আট আসামি হলেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, তাঁর ছোট ভাই বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজ উদ্দিন, আরএসও নেতা মাস্টার আইয়ুব, সালামত উল্লাহ, আবদুর রহমান, আবু বক্কর, ইউনুস ও নুরুল আমিন।
মামলার এজাহারে বলা হয়েছে, আরএসও জঙ্গিসহ অন্য আসামিরা বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের জনৈক ছৈয়দ করিমের বাড়িতে বাংলাদেশের অখণ্ডতা, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করাসহ সন্ত্রাসী কার্যকলাপের জন্য গোপনে ষড়যন্ত্রমূলক বৈঠক করছিল।
মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক বলেন, গতকাল দুপুরে আটক তিন জঙ্গিকে কক্সবাজার আদালতে হাজির করা হয়। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত সাত দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।