আরও আট কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার দুটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে আট কেজি সোনা আটক করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক বিভাগ। তাঁদের একজন মালয়েশীয় নারী, তাঁর কাছ থেকে ছয় কেজি সোনা উদ্ধার করা হয়। অপরজন ইতালি থেকে আগত বাংলাদেশি নাগরিক।
শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন সে দেশের নাগরিক রাজা বাসনিলা বিনতি রাজা মালিক (৫৩)। গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক বিভাগের নারী সদস্যরা তল্লাশি করে বাসনিলার কাছ থেকে সোনার ছয়টি বার উদ্ধার করেন। একেকটি বারের ওজন এক কেজি করে।
এরপর বেলা দেড়টার দিকে ইতালি থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে দুই কেজি সোনা উদ্ধার করা হয়। শুল্ক বিভাগ সূত্র জানায়, মিজানুর তিনটি হুঁকা আনেন। এসব হুঁকা সোনা দিয়ে তৈরি করেছিলেন। শুল্ক বিভাগের দাবি, এই আট কেজি সোনার মূল্য প্রায় চার কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, উভয় ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। দুই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এর আগের দিন সোমবার প্রায় দুই কেজি সোনাসহ বশির আহমেদ (৪০) নামে আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করে শুল্ক বিভাগ।