আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় মা-মেয়ে ধর্ষণ মামলার আসামি জাকির হোসেন ওরফে দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কোরেশমুন্সী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ নিয়ে এই মামলায় অভিযোগপত্রভুক্ত ১১ আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দীপুসহ তিনজন কারাগারে এবং চারজন বিভিন্ন সময়ে জামিনে ছাড়া পেয়েছেন।
২০১৩ সালের ১১ সেপ্টেম্বর রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে মা ও মেয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতপরিচয় কয়েকজনের নাম উল্লেখ করে দাগনভূঞা থানায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ ১১ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। মামলা চলাবস্থায় আসামিরা পরিবারটিকে নানাভাবে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে ধর্ষণের ভিডিওচিত্র তাঁরা ছড়িয়ে দেন। এ ঘটনায় গত ৫ মার্চ ফুলগাজী থানায় দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন ওরফে মামুন, সাইফুদ্দিন ওরফে লিটু ও জামালউদ্দিন নামে তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করেন ওই মা। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
গত শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে অভিযোগ করা হয়, পর্নোগ্রাফি আইনে মামলা করায় মাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন আসামিরা।
জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই নারীকে হুমকি দেওয়ার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। ফলে বিষয়টি তাঁর জানা নেই।