আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার বিকেলে ফেনী শহরের বিরিঞ্চি আনিস পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল ওরফে নুরুল আফছার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, মো. রুবেলকে ফেনী সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ২০১৪ সালের ২৮ আগস্ট একরাম হত্যা মামলায় ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ইতিমধ্যে অভিযোগপত্রভুক্ত ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।