আরও এক আসামি গ্রেপ্তার এসপির অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ এবং এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার আরেক আসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র এ কথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই সূত্র জানায়, আজিবর শেখ কিছুক্ষণের মধ্যে বাসস্ট্যান্ডে আসবেন—এমন একটি খবর ছিল পুলিশের কাছে। এই খবরের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে একটি বাস এসে থামলে বাস থেকে নেমে আসেন আজিবর শেখ। পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, লোকজনের জটলার মধ্য থেকেই পুলিশ আজিবরকে টেনে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। তবে জেলা পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ কাউকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেছেন।
আজিবর পৌর ছাত্রলীগের সাবেক নেতা। এ নিয়ে এই মামলায় অভিযুক্ত ১৬ আসামির মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হলো।
এদিকে ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) গত মঙ্গলবার তাঁকে সাত দিনের রিমান্ডে নেয়।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ গুলিবিদ্ধ কন্যাশিশুর জন্ম দেন। গুলি পেটের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। মা ও শিশু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় নাজমার চাচাশ্বশুর মমিন ভুঁইয়া (৬৫) মারা যান।