আরও এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের মামলায় বাগেরহাট সোনালী ব্যাংকের প্রধান শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) জাহাঙ্গীর হোসেন খলিফাকে (৫০) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত শনিবার রাতে খুলনা নগরের সোনাডাঙা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করল দুদক।

এর আগে গত ১১ আগস্ট রাতে একই অভিযোগে ওই ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমানকে গ্রেপ্তার করে দুদক। অন্য এক কর্মকর্তাসহ বাকি অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন বলে দুদক সূত্র জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের (বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আবুল হাশেম কাজী প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর হোসেন খলিফাকে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সোনালী ব্যাংক বাগেরহাটের প্রধান শাখা থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে ব্যাংকেও অনিয়মিত ছিলেন।

আবুল হাশেম কাজী বলেন, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাগেরহাট শহরের রেল রোডে অবস্থিত সোনালী ব্যাংকের ব্যবস্থাপক থাকাকালে মুজিবর রহমান, ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান ও জুনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন খলিফাসহ ১২ জন ওই ব্যাংকের ১৫০ জন গ্রাহকের এসওডির (সিকিউর ওভার ড্রাফট) বিপরীতে ভুয়া কাগজপত্র তৈরি করেন। পরে তাঁরা সেসব গ্রাহকের হিসাব থেকে ৪ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ করেন।