আরও এক জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া-সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় গত মঙ্গলবার ডিঙিনৌকাসহ জাফর আলম ওরফে সোনা মিয়া (২৮) নামের এক জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। জাফর আলমের পরিবার এ কথা জানিয়েছে।
জাফর আলমের বাড়ি হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা বলেন, মঙ্গলবার দুপুরে ডিঙিনৌকা নিয়ে সোনা মিয়া নাফ নদীতে মাছ ধরতে যান। এ সময় স্পিডবোটে করে আসা বিজিপির সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান।
২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, ‘বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে শুনেছি। তবে অপহৃত জেলের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে জানানো হয়নি।’ তিনি বলেন, বিজিপির সঙ্গে যোগাযোগ করে ওই জেলেকে ফেরত আনার চেষ্টা চলছে।
এদিকে গত সোমবার নাফ নদী থেকে ধরে নেওয়া ছয় জেলের মধ্যে চারজনকে ছেড়ে দিয়েছে বিজিপি। মুক্তি পাওয়া জেলেদের নাম প্রকাশে অনিচ্ছুক স্বজনদের দাবি, দেড় লাখ টাকা দিয়ে তাঁদের ফেরত আনা হয়েছে। মুক্তিপণ দিতে না পারায় অন্য দুজনকে আটকে রেখেছে বিজিপি।
দেশে ফেরত আসার সময় বিজিবির সদস্যরা ওই চার জেলেকে আটক করে থানায় সোপর্দ করেছেন। মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ হেফাজতে কথা হয় ওই চার জেলের সঙ্গে। তাঁরা প্রথম আলোকে বলেন, বিজিপির সদস্যরা তাঁদের নাফ নদী থেকে ধরে নিয়ে বেদম মারধর করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বিজিবি চার জেলেকে থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, বিজিপির সঙ্গে যোগাযোগের পর সোমবার ধরে নেওয়া ছয় জেলের মধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তিপণের বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, অবৈধভাবে অন্য দেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।