ঢাকার আশুলিয়ায় সম্প্রতি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জসিম উদ্দিন (২২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে। রিমান্ডে তিনি ডাকাতির সময় ব্যাংকটির ব্যবস্থাপকসহ দুজনকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয় জসিমকে। ডাকাতির ঘটনায় এর আগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, গত ২১ এপ্রিল ব্যাংকের কাঠগড়া শাখার ভেতরে ঢুকে হামলায় অংশ নেন জসিমসহ আরও দুজন। এ ছাড়া তিনজন মূল ফটকের সামনে সশস্ত্র পাহারায় থাকেন। ব্যাংকে ঢুকেই জসিম ব্যবস্থাপক ওয়ালিউল্লাহর কাছে ভল্টের চাবি চাইলে পাগলা ঘণ্টা বাজান তিনি। এ সময় জসিম তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেন। সহযোগী অপর দুই ডাকাত ব্যাংকের নিরাপত্তাকর্মী ইব্রাহীম ও ব্যবসায়ী পলাশকে হত্যা করে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করেন। ডাকাতি আঁচ করতে পেরে ব্যাংকের পাশের মসজিদের মাইক থেকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করা হলে জনতা ব্যাংক ঘেরাও করে। তখন জসিমসহ অন্য ডাকাতেরা পালানোর সময় আরও একজনকে ছুরিকাঘাতে হত্যা করেন জসিম। আর তাঁর সহযোগীরা গুলি ও গ্রেনেড ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে পালাতে থাকেন। একটি গ্রেনেডের স্প্লিন্টার বিদ্ধ হয়ে জসিম আহত হন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আহত জসিমকে ব্যাংকের বাইরে অপেক্ষমাণ তাঁর সহযোগীরা একটি অটোরিকশায় করে আশুলিয়ায় শ্বশুরবাড়ি পৌঁছে দেন। ওই দিন রাতেই জসিম মানিকগঞ্জে আরেক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয় তাঁর।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও ডাকাতির ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, জসিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাঠি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। কয়েক বছর আগে তিনি গাজীপুরের চন্দ্রা এলাকায় এসে একটি পরিবহন কোম্পানিতে লাইনম্যানের চাকরি নেন। সেখান থেকে ২০১২ সালে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিম উদ্দিন রহমানির সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর ওই গোষ্ঠীর হয়ে কাজ করছিলেন তিনি।
জসিমকে গ্রেপ্তারের অভিযানে অংশ নেওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, ডাকাতির ঘটনার মূল হোতাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। খুব শিগগিরই তাঁদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
ডিএমপির সংবাদ সম্মেলন: গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক বলেন, ডাকাতিতে জড়িত ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁদের কার্যক্রম পরিচালনা করার অর্থ সংগ্রহেই তাঁরা ব্যাংক ডাকাতি করেন।
ডাকাতির ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মীসহ আটজন প্রাণ হারান। আর গণপিটুনিতে মারা যান এক ডাকাত।